× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহাকাশ ব্যবস্থায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকি: ক্যাসপারস্কি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫ পিএম

১৯৫৭ সাল থেকে ২০২০-এর দশকের শুরুর সময় পর্যন্ত মহাকাশ ব্যবস্থাকে লক্ষ্য করে ১০০টির বেশি সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি আইসিএস সিইআরটি-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ ব্যবস্থার সাইবার নিরাপত্তা শুধু স্যাটেলাইট সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, যোগাযোগ ব্যবস্থা, ব্যবহারকারীর টার্মিনাল এবং তৃতীয় পক্ষের সফটওয়্যারও এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

মহাকাশ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগ হলো জিএনএসএস (গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম)। ২০২৩ সালে কৃষ্ণসাগরীয় অঞ্চলে জিপিএস/জিএনএসএস স্পুফিংয়ের ঘটনা বেড়ে যাওয়ার পর ক্যাসপারস্কির গবেষকরা ৭০টি বিমান সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে এমন ৩ হাজারের বেশি জিএনএসএস রিসিভার শনাক্ত করে, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সাইবার হামলার ঝুঁকিতে ছিল। এসব দুর্বলতা নৌপরিবহন, বিমান চলাচল এবং স্থলপথের পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

স্যাটেলাইট অবকাঠামো ব্যবহার করে সাইবার হামলাকারীরা তাদের ক্ষতিকর কার্যক্রম আড়াল করারও চেষ্টা করতে পারে। ২০২২ সালে ভিয়াস্যাট (Viasat)-এর কেএ-এসএটি (KA-SAT) নেটওয়ার্কে এসিডরেইন (AcidRain) নামের একটি ওয়াইপার হামলায় প্রায় ৩০ হাজার স্যাটেলাইট টার্মিনাল অকার্যকর হয়ে যায়। এর প্রভাবে ৫ হাজার ৮০০টির বেশি উইন্ড টারবাইনের দূরবর্তী পরিচালন কার্যক্রম ব্যাহত হয়। ২০২৪ সালে এসিডপোর (AcidPour) ম্যালওয়্যার শনাক্ত হওয়ার পর রাউটার, স্যাটেলাইট মডেম এবং ডেটা সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধেও এ ধরনের হামলার ঝুঁকি আরও স্পষ্ট হয়ে ওঠে।

ক্যাসপারস্কির সিকিউরিটি অ্যানালাইসিস এক্সপার্ট একাতেরিনা রুদিনা বলেন, “মহাকাশ ব্যবস্থা বলতে শুধু কক্ষপথে থাকা স্যাটেলাইটকে বোঝায় না। গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবহারকারীর রিসিভারও এর কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এসব ব্যবস্থার নিরাপত্তায় দুর্বলতা থাকলে পুরো সিস্টেমই ঝুঁকিতে পড়তে পারে।  নেভিগেশন থেকে বিদ্যুৎ সরবরাহ, দৈনন্দিন জীবনে স্যাটেলাইটের ব্যবহার বাড়ছে। তাই স্যাটেলাইটের সঙ্গে যুক্ত যোগাযোগ ব্যবস্থা নিরাপদ রাখা, ডেটা আদান-প্রদানে এনক্রিপশন ব্যবহার করা এবং ইন্টারনেটে যুক্ত দুর্বল ডিভাইসগুলো নিয়মিত আপডেট করা জরুরি।”

বিস্তারিত তথ্য ক্যাসপারস্কি আইসিএস সিইআরটি-এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে পাওয়া যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.