× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশ অ্যাপে মিলবে ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা

২৮ অক্টোবর ২০২৬, ২০:১৬ পিএম

সঞ্চয়, ঋণ ও পে-লেটারসহ বিভিন্ন ব্যাংকিং সেবা আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ। এর অংশ হিসেবে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস খোলার সুবিধা। পর্যায়ক্রমে ব্যাংকটির অন্যান্য সেবাও অ্যাপটিতে যুক্ত করা হবে।

 বুধবার রাজধানীর একটি হোটেলে ‘এক্সপান্ডিং অ্যাকসেস, এমপাওয়ারিং পসিবিলিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌথ সেবার উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও আরিফ হোসেন খান। এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ বলেন, প্রযুক্তির অগ্রগতিতে আর্থিক লেনদেন সহজ হলেও ক্ষুদ্র ব্যবসায়ী ও সীমিত আয়ের মানুষের জন্য প্রয়োজনের সময় সহজ শর্তে অর্থায়ন পাওয়া এখনো চ্যালেঞ্জ। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, ট্রাস্ট ব্যাংকের ব্যাংকিং অভিজ্ঞতা ও বিকাশের বিস্তৃত ডিজিটাল সেবা একসঙ্গে কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বিকাশ দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখছে। ট্রাস্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব আর্থিক সেবার পরিধি আরও বাড়াবে বলে নিয়ন্ত্রক সংস্থা আশা করছে। কেন্দ্রীয় ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, মানুষের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে ন্যানো লোনসহ বিভিন্ন ধরনের ঋণসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রাস্ট ব্যাংক ও বিকাশের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী বলেন, ব্যাংকটির দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে কাজের দক্ষতা এবং বিকাশের দেশব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম ও এজেন্ট নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হবে। এ উদ্যোগের আওতায় বিকাশ এজেন্টরা অ্যাপের মাধ্যমে ঋণ নিতে পারবেন। পাশাপাশি ডিপিএস, স্থায়ী আমানত ও পে-লেটার সেবাও গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ করবে। বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, প্রযুক্তি ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে আর্থিক সেবা গ্রহণের বিভিন্ন বাধা দূর করা সম্ভব। এখন গ্রাহকেরা বিকাশ অ্যাপ ব্যবহার করে ১০ হাজার টাকার স্থায়ী আমানতও খুলতে পারছেন। এ ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে উপযোগী ও নিয়মসম্মত আর্থিক সেবা পৌঁছে দিতে সহায়তা করবে।


বিকাশ অ্যাপে ট্রাস্ট ব্যাংকের যেসব সেবা পাওয়া যাবে

ডিপিএস: গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প খুলতে পারবেন। এ ক্ষেত্রে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের ও মেয়াদের ডিপিএস খোলার সুযোগ রয়েছে।

স্থায়ী আমানত: বিভিন্ন অঙ্ক ও মেয়াদের স্থায়ী আমানত বা এফডিআর সেবা শিগগির চালু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

এজেন্ট ঋণ: বিকাশ এজেন্টদের জন্য জামানতবিহীন ঋণ চালুর পরিকল্পনা রয়েছে। এজেন্টরা নিজেদের এজেন্ট অ্যাপ থেকেই ঋণ গ্রহণ ও পরিশোধ করতে পারবেন।

গ্রাহক ঋণ: নির্বাচিত গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ নিতে পারবেন।

পে-লেটার: পেমেন্ট ও মোবাইল রিচার্জের জন্য এ সেবা চালু করা হবে। এর আওতায় গ্রাহকেরা নির্ধারিত ঋণসীমার মধ্যে পণ্য বা সেবা কিনে সাত দিনের মধ্যে সুদ ছাড়াই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবেন। বিকল্প হিসেবে সহজ মাসিক কিস্তিতে পরিশোধের সুবিধাও থাকবে।

প্রবাসী আয়: প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।

বিকাশের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের প্রায় ৮ কোটি ৫০ লাখ গ্রাহক অ্যাপের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকসহ আরও পাঁচটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস সেবার মাধ্যমে বিকাশের ডিজিটাল সঞ্চয় কার্যক্রম শুরু হয়। পরে এ সেবায় যুক্ত হয় ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.