নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্র বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধীন সমাজবিজ্ঞান প্রোগ্রাম ৮ নভেম্বর ২০২৬ (সোমবার), বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশের টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চশিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
সেমিনারে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অধিবেশনটি সঞ্চালনা করেন ড. শফিকুল ইসলাম এবং সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রাজনীতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক রিজওয়ান খায়ের।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (IDMVS) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চশিক্ষাকে উপনিবেশিক প্রভাবমুক্ত করা এবং পুঁজিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দেশের সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার লক্ষ্য ও চর্চাকে নতুনভাবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার শুরু থেকেই তরুণ প্রজন্মের জন্য চমৎকার শিক্ষা প্রদান করে আসছে, আর সমাজবিজ্ঞানের মতো নতুন নতুন প্রোগ্রামের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অব্যাহত থাকবে। আমরা আশা করি, সমাজ ও দেশের কল্যাণের উদ্দেশ্যে তরুণরা এই প্রোগ্রামে যুক্ত হতে উৎসাহিত হবে।”
এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সমাজ ও টেকসই উন্নয়নে সমাজবিজ্ঞানের স্বতন্ত্র অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “অন্যান্য অনেক বিষয়ের তুলনায় সমাজবিজ্ঞান আমাদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়, যা বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি।”
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম উচ্চশিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমাজবিজ্ঞানীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “উচ্চশিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমাজবিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাজনীতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
