বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও অডিও পণ্য নিয়ে এসেছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি। নতুন পণ্যের তালিকায় রয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ফ্ল্যাগশিপ টিভি ব্রাভিয়া ৯ মার্ক টু, গুগল টিভি সিরিজের ব্রাভিয়া ৩ মার্ক টু এবং ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সনির নতুন পণ্যগুলো ‘সিনেমা ইজ কামিং হোম’ ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। ঘরে বসে সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দেওয়াই এর লক্ষ্য। হলিউডের সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের পরামর্শে এসব ডিভাইস তৈরি করা হয়েছে। ফলে নির্মাতাদের মূল পরিকল্পনা অনুযায়ী ছবি ও শব্দ উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।
নতুন পণ্যগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ ব্রাভিয়া ৯ মার্ক টু টেলিভিশন। এতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তি। প্রচলিত টেলিভিশনের তুলনায় এ প্রযুক্তিতে লাল, সবুজ ও নীল—তিনটি মৌলিক রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। এতে পর্দায় রঙ আরও উজ্জ্বল, প্রাণবন্ত ও নিখুঁতভাবে ফুটে ওঠে। ৮৫ ও ১১৫ ইঞ্চির দুটি আকারে পাওয়া যাবে টিভিটি।
এর ৮৫ ইঞ্চি মডেলে রয়েছে বিশেষ অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন, যা ঘরের উজ্জ্বল আলোতেও পর্দায় আলোর প্রতিফলন কমিয়ে স্পষ্ট ছবি দেখতে সহায়তা করে। এ ছাড়া এতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ আরও স্পষ্টভাবে শোনার জন্য বিশেষ সাউন্ড প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, তুলনামূলক বেশি ক্রেতার কাছে উন্নত প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে আনা হয়েছে ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ। ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত সাতটি ভিন্ন আকারে পাওয়া যাবে এই টিভি। এতে রয়েছে সনির এক্সআর প্রসেসর, যা সাধারণ মানের ভিডিওর ছবিও উন্নত করে ফোর-কে মানের কাছাকাছি নিয়ে যেতে পারে। সিনেমা দেখার পাশাপাশি খেলাধুলা ও ভিডিও গেম উপভোগের জন্য এতে যুক্ত করা হয়েছে হাই-স্পিড গেমিং সুবিধা। পাশাপাশি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি ছবি ও শব্দের অভিজ্ঞতায় বাড়তি গভীরতা যোগ করবে।
টেলিভিশনের পাশাপাশি উন্নত শব্দের অভিজ্ঞতা দিতে সনি এনেছে ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো। এটি তিনটি স্পিকারের সমন্বয়ে তৈরি একটি তারবিহীন হোম থিয়েটার সিস্টেম। বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্পিকারগুলো ঘরের চারপাশে শব্দ ছড়িয়ে ২৪টি স্পিকারের মতো সাউন্ডের আবহ তৈরি করতে পারে। সঙ্গে থাকা ছোট মাইক্রোফোনের সাহায্যে ঘরের আকার ও পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে শব্দের সেটিংসও ঠিক করে নিতে পারে এটি। এ ছাড়া সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সরাসরি তারবিহীন সাবউফার যুক্ত করার সুবিধা রয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়টিও নতুন পণ্য তৈরিতে গুরুত্ব দিয়েছে সনি। টেলিভিশনের বডি ও রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। পাশাপাশি সব বয়সী ব্যবহারকারীর সুবিধার্থে রিমোটের বাটনগুলো আরও স্পষ্ট ও সহজে ব্যবহারের উপযোগী করা হয়েছে।
বাংলাদেশে সনির অনুমোদিত পরিবেশক সনি স্মার্ট ও সনি র্যাংগসের শোরুমে নতুন টেলিভিশন ও অডিও সিস্টেম পাওয়া যাবে। তবে পণ্যগুলোর দাম এবং বিক্রির শুরুর তারিখ প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে শিগগিরই ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
