ডার্কনেট ও ডিপ ওয়েবে মাত্র ১ ডলার থেকেই পাওয়া যাচ্ছে ডিডিওএস (DDoS) হামলা চালানোর সেবা। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স (DFI) বিভাগের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় ডার্ক ও ডিপ ওয়েবে ডিডিওএস-সংশ্লিষ্ট ২ লাখ ৫৬ হাজারের বেশি পোস্ট বিশ্লেষণ করে অন্তত ২০২৪ সাল থেকে সক্রিয় ১৪৮টি ব্যক্তি, গোষ্ঠী ও সেবা পরিচালনাকারী পক্ষের সন্ধান পাওয়া গেছে।
গবেষণায় ডিডিওএস হামলার সেবা কীভাবে প্রচার, মূল্য নির্ধারণ ও সরবরাহ করা হয়, তা বিশ্লেষণ করা হয়েছে। এতে এ ধরনের সেবার তিনটি প্রধান মডেল চিহ্নিত করা হয়েছে। প্রথমত, মধ্যস্থতাকারীর মাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী হামলার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, সাবস্ক্রিপশনভিত্তিক ডিডিওএস-এস-এ সার্ভিস, যেখানে নির্দিষ্ট ফি দিয়ে হামলার টুল ব্যবহার করা যায়। তৃতীয়ত, নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করে সরাসরি হামলা পরিচালনা। গবেষণায় দেখা গেছে, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পক্ষগুলোর ৬৫ শতাংশ সাইবার অপরাধীদের ফোরামে এবং ৩৫ শতাংশ টেলিগ্রাম ও ডিসকোর্ড-এ তাদের সার্ভিস সম্পর্কে প্রচার করছে।
বাজারে মূলত নেটওয়ার্ক লেয়ার (এল৩/এল৪) এবং অ্যাপ্লিকেশন লেয়ার (এল৭)-এ হামলার সেবা পাওয়া যায়। গবেষণা অনুযায়ী, ৭৪ শতাংশ সেবা পরিচালনাকারী L4 পদ্ধতিতে হামলার কথা প্রচার করেছে। অন্যদিকে, মাত্র ৯ শতাংশ স্বতন্ত্রভাবে এল৩ পদ্ধতিতে হামলার সেবা দেওয়ার কথা উল্লেখ করেছে। তবে সবচেয়ে বেশি প্রচলিত এল৭ হামলা। ৯২ শতাংশ ক্ষেত্রে এ ধরনের হামলার সেবা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এতে বোঝা যায়, আগে থেকেই তৈরি হামলার টুল সহজলভ্য হওয়ায় ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশনকে লক্ষ্য করে ডিডিওএস হামলা চালানো ক্রমেই সহজ হয়ে উঠছে।
ক্যাসপারস্কির ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স বিভাগের বিশ্লেষক জোয়াও পেদ্রো ব্রান্দাও ই সিলভা বলেন, “কম খরচে এবং সহজে পাওয়া যাওয়ায় ডিডিওএস হামলা এখন সাইবার অপরাধীদের জন্য আরও সহজলভ্য হয়ে উঠেছে। কিছু ক্ষেত্রে একটি হামলা চালানোর খরচ সাধারণ মাসিক স্ট্রিমিং সাবস্ক্রিপশনের চেয়েও কম, এমনকি এক কাপ কফির দামের সমান। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য এর অর্থ হলো, ডিডিওএস হামলা মোকাবিলার প্রস্তুতি তাদের মৌলিক সাইবার নিরাপত্তা পরিকল্পনার অংশ হওয়া উচিত। একই সঙ্গে, এসব হামলার পেছনে থাকা অপরাধী চক্র ও বাজার সম্পর্কে ধারণা রাখাও জরুরি। কারণ, হুমকির পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেই আরও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। এ জন্য সাধারণ ইন্টারনেট, ডিপ ওয়েব ও ডার্কনেটজুড়ে প্রতিষ্ঠানের ডিজিটাল ঝুঁকি পর্যবেক্ষণ এবং সময়মতো সম্ভাব্য হুমকি শনাক্তে উন্নত থ্রেট ইন্টেলিজেন্স ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, কর্মীদের নিরাপদ অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ এবং ম্যানেজড ডিটেকশন রেসপন্স (এমডিআর) সেবা গ্রহণের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এমডিআর সেবার মাধ্যমে নিরাপত্তা বিশেষজ্ঞরা ২৪ ঘণ্টা প্রতিষ্ঠানের সিস্টেম পর্যবেক্ষণ, হুমকি বিশ্লেষণ এবং জটিল সাইবার হামলার দ্রুত মোকাবিলা করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
