ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু করতে যাচ্ছে শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এসব শেয়ার বরাদ্দ দেওয়া হবে ওয়ালটন ডিজি-টেকের শেয়ারহোল্ডারদের অনুকূলে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
এ জন্য শেয়ার ইস্যু ও বরাদ্দের বিষয়ে সম্মতি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
গত ২৪ নভেম্বর বিএসইসি এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নং ৩১৮/২০২৬-এর আদেশ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত একীভূতকরণ পরিকল্পনার আওতায় এসব শেয়ার ইস্যু করা হবে।
জানা গেছে, পণ্যের পরিসর বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান দুটি একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের ব্যবসায়িক পরিসরের সঙ্গে ডিজি-টেকের তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবসা যুক্ত হবে। ফলে গৃহস্থালি ইলেকট্রনিকসের পাশাপাশি তথ্যপ্রযুক্তি পণ্যের বাজারেও ওয়ালটনের ব্যবসায়িক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ মূলত ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য উৎপাদন করে। অন্যদিকে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, মোবাইল ফোনসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিপণনের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে পণ্যের বৈচিত্র্য বাড়ার পাশাপাশি বিপণন ও পরিচালন কার্যক্রমে সমন্বয় তৈরি হবে।
এদিকে, বিদেশের বাজারেও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন হাই-টেক। এর অংশ হিসেবে লেবানের প্রতিষ্ঠান ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে পাঁচ বছরের বৈশ্বিক পরিবেশক চুক্তি করেছে কোম্পানিটি। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি লেবাননে ওয়ালটন পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে।
এ ছাড়া ইয়েমেনের প্রতিষ্ঠান মোহাম্মদ আবদুল্লাহ আল-এজ্জি ফর ইমপোর্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ওয়ালটন। এর আওতায় দুই প্রতিষ্ঠান ধারাবাহিক পণ্য ক্রয়, বিপণন, গ্রাহকসেবা ও প্রচার কার্যক্রমের মাধ্যমে ইয়েমেনে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি এবং বাজার সম্প্রসারণে কাজ করবে।