ঢাকার কেরানীগঞ্জে আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ (১৮ আগস্ট) সকালে বিক্ষোভের মুখে পড়ে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন পদত্যাগ করতে বাধ্য হন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, বিদ্যালয় কমিটির সভাপতি আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমেদের প্রভাবে তোফাজ্জল হোসেন দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদে ছিলেন। গত কয়েক বছরে জাকির ও তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ও বিদ্যালয়ের ফান্ড থেকে কমপক্ষে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিদ্যালয়ের পড়ালেখার মান্নোয়নের জন্যে কোন উদ্যোগ নেননি। তিনি শুধু টাকা কামাইয়ে ব্যস্ত ছিলেন।
বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা রানা আহমেদ বলেন, তোফাজ্জল হোসেন নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতো। এসব অর্থ নেওয়ার পর কোন রিসিট দিত না। এভাবে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, হেড স্যার আমাদের কাছ থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও অনুষ্ঠানের নামে টাকা নিতেন। অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা নিতেন। ভয়ে আমরা কেউ কিছু বলতে সাহস পেতাম না। কিন্তু এখন আমরা স্বাধীন। তাই আমরা স্যারের পদত্যাগের জন্যে মিছিল করেছি।
পদত্যাগী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, ২০ বছর ধরে আমি এ বিদ্যালয়ে রয়েছি। আওয়ামী লীগ নেতা জাকির আহমেদ বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে তিনি বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসেব রাখতেন। পাশাপাশি বিদ্যালয়ের ফান্ডের টাকা নিজের কাছে রাখতেন। বিদ্যালয়ের টাকা আত্মসাৎ এর সাথে আমি জড়িত নই।