গতকাল (২৯ আগস্ট) রাতে ব্যবসায়ীরা যখন বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে মহেশখালী উপজেলার কালারমারছড়ার নোনাছড়ি বাজারের ১২ দোকান।
আজ (৩০ আগষ্ট) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয়রা। আগুনের তীব্রতা বেশি থাকায় সারিবদ্ধ ১২ টি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, গোরকঘাটা ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা ঘটনাস্থলে প্রায় এক ঘন্টা পর উপস্থিত হয়। ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদির দোকানের গোডাউনের মালিক রাসেল চৌধুরী বলেন, জীবনের সব পুঁজি দিয়ে গড়ে তোলা শেষ সম্বল ছিলো এই দোকান। মালামাল সব পুড়ে গেছে। এখন নিঃস্ব হয়ে গেছি আমি। পাশ্ববর্তী অনেক দোকান মালিকের ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে পারব বলে মনে হয়না।
স্থানীয়রা জানান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরীর অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি। তবে আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে সারিবদ্ধভাবে থাকা প্রায় ১২ টি দোকান পুড়ে যায়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন,কালারমারছড়ার নোনাছড়ি বাজারে আগুন লেগে বেশ কিছু দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান খবর নিয়ে পরিমাণ করা হবে।