শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে রাতের আঁধারে ঘর তুলে জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জমির মালিক মৃত রফিকুল ইসলাম মাদবরের স্ত্রী ফাহিমা বেগম ( ৪৫) এমন অভিযোগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার ফাহিমা বেগম গোসাইরহাট থানায় মজিবুর মাদবর , হাবিবুর রহমান মাদবর, মিজান মাদবর, মফিজুল ইসলাম মাদবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলেও পুলিশ চলে যাওয়ার পরে পূনরায় আবারও দখল শুরু করে অভিযুক্তরা।
জানা গেছে, উপজেলা সামন্তসার ইউনিয়নের লাবনকাঠি গ্রামের ফাহিমা বেগম ও মজিবুর মাদবরের সাথে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০২১ সালে ওই জমি নিয়ে শরীয়তপুর দেওয়ানি আদালতে মামলা হয়। ওই মামলাটি এখনো চলমান রয়েছে। এ নিয়ে গত তিন বছর ধরে দুইপক্ষের মধ্যে দফায় দফায় মিমাংসার চেষ্টা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে (শনিবার ১০ আগষ্ট) রাতে ওই জমিতে মজিবুর মাদবর , হাবিবুর রহমান মাদবর, মিজান মাদবর, মফিজুল ইসলাম মাদবর সহ অর্ধ শতাধিক লোকজন নিয়ে ঘর তুলে জমি দখল করে। ওই জমিতে তারা অস্থায়ী খড়ের ঘরও নির্মাণ করে। এসময় দখলকারীরা অর্ধশত ফলের গাছ কেটে ফেলে। এ ঘটনায় বৃহস্পতিবার ফাহিমা বেগম গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী ফাহিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘ধারদেনা করে বহু কষ্টে ওই জমি কিনেছি। আমার স্বামী রফিকুল ইসলাম মাদবর গত মাসে মারা গেছে। আমার জমির সকল কাগজপত্রও ঠিকঠাক আছে। নিয়মিত জমির খাজনা দিই। আমরা কোনো দল করি না। মজিবর মাদবর জোর করে আমার ওই জমি দখল করে নিছে। তাদের ভয়ে ওই জমিতে যাইতে পারতাছি না।’ ওই জমি নিয়ে বেশ কয়েকবার সালিসে বসা হয়েছিল। সালিসে জমির রায় তাঁর পক্ষে পেয়েছেন বলে তিনি দাবি করেন। এদিকে মজিবুর মাদবর ও তার লোকজনের হুমকিতে ফাহিমা বেগমের পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন পার করছেন বলে অভিযোগ উঠেছে। মারধরের ভয়ে ওই পরিবারের লোকজন বাজারে যেতে পারছেন না বলে জানিয়েছেন ফাহিমা বেগম।
এ ব্যাপারে অভিযুক্ত মফিজুল ইসলাম মাদবর বলেন, ওই জমি আমার পৈতৃক সম্পত্তি। আমার জমিতে আমি ঘর তুলেছি। তবে রাতের আঁধারে ঘর তুলেছেন কেন? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুস্পেন দেবনাথ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।