দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার বাসিন্দা শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার নিরাপত্তাহীনতায় থাকলেও এ পর্যন্ত উক্ত মামলায় কোন আসামী গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে শহীদ তানভীর ছিদ্দিকীর হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছে।
মহেশখালীর ডাকাত ও সন্ত্রাসীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেখানকার সন্ত্রাসীদের একটি বিশাল অংশ গা-ঢাকা দিয়ে নীরব রয়েছে। প্রতিবেদন প্রকাশের পর সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠায় সন্ত্রাসীরা দূর থেকে পরিস্থিতি অনুধাবন করছেন।
সংবাদগুলোতে কোনো কোনো সন্ত্রাসীর নাম না আসায় নিজেরা হাফ ছেড়ে বাঁচছেন বলেও মনে করছে সন্ত্রাসীদের একটি অংশ। সম্প্রতি কক্সবাজারের উপকূলীয় ওই দ্বীপের দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমের ইনভেস্টিগেটিভ টিম মহেশখালী অবস্থান কালে সেখানকার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য খুঁজে পায়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করে।
সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয় হয়ে ওঠে। সরকারের ওপর মহল থেকেও বিষয়টি নিয়ে বেশ তদারকি শুরু হয়। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্বীপের কালারমারছড়ার আঁধার ঘোনা মিজ্জির পাড়া তানভীর হত্যার আসামীদের গ্রেফতার করতে পাহাড়ে অভিযান চালায়। তবে সংবাদের সূত্র ধরে পাহাড়ে চলছে একের পর এক অভিযান। সন্ত্রাসীদের পাকড়াও করতে আইনশৃঙ্খলা বাহিনী দিন-রাত অভিযান অব্যাহত রেখেছে।
রোমহর্ষক এসব অভিযান দূর থেকে মনিটরিং করছে এলাকার সন্ত্রাসীদের গডফাদার ও দাগী সন্ত্রাসীদের একটি বিশাল অংশও। সংবাদে এসব সন্ত্রাসী গডফাদারদের নাম না আসায় কিংবা নাম আসলেও তাদের দিকে অভিযান তাক না হওয়ায় কখন এই অভিযানে ভাটা পড়বে কিংবা ধারাবাহিক প্রতিবেদনে ভাটা পড়বে তার দিকে তাকিয়ে আছে সন্ত্রাসীদের ওই অংশটি।
এদিকে রিপোর্টের তালিকায় সন্ত্রাসীদের নাম আসা না আসা নিয়ে মহেশখালীতে স্থানীয় প্রতিনিধির কাছে নানা দেন-দরবার ও হুমকি আসছে একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে। সন্ত্রাসী ও গডফাদারদের ব্যাপারে রিপোর্ট না করতে এবং প্রতিপক্ষের অপরাধ ফিরিস্তি তুলে ধরতে এক পক্ষ অন্য পক্ষের ব্যাপারে নানা লিখিত অভিযোগ পাঠাচ্ছে প্রতিবেদকের কাছে। এতে উঠে আসছে অপরাধীদের পরস্পর বিরোধী অন্দর মহলের খবর।
এখানকার সন্ত্রাসী গ্রুপ আওয়ামী লীগ ও বিএনপির লেবাসে পরলেও আসলে দল তাদের মুল বিষয় নয় বলে প্রতিবেদককে জানিয়েছেন একাধিক সূত্র। মূলত: দীর্ঘ দিনের বিবদমান পাহাড়ি ভূমি, ইউনিয়নের পশ্চিমে বিশাল বিশাল চিংড়ি ঘের, লবণ প্রজেক্ট ও কাঁকড়া ঘোনা দখলই সন্ত্রাসীদের মূল টার্গেট। এসব বাহিনীর বিভিন্ন উপ-দলের নেতা ও ক্যাডাররা একাধিকবার দল বদল করে উভয় পক্ষের দেওয়া মামলার আসামিও হয়েছেন।
একাধিক সন্ত্রাসী, সন্ত্রাসী বাহিনী ও তাদের গডফাদারদের ব্যাপারে সংবাদ প্রকাশিত হলেও তাদের একটি অংশ নিজেদের নিরাপদ মনে করছে। ইতোমধ্যে সংবাদে আসা এক শীর্ষ সন্ত্রাসীকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান কোন দিকে মোড় নিচ্ছে তার গতিবিধি দেখে পা ফেলতে চায় অন্যসব সন্ত্রাসী ও সন্ত্রাসী বাহিনীগুলো। তাই তারা আপাতত নিরাপদ আশ্রয়ে চুপচাপও রয়েছে।
এদিকে সন্ত্রাসীদের ডেরায় আইনশৃঙ্খলা বাহিনী বারবার হানা দেওয়ায় সন্ত্রাসীদের একটি অংশ নিজেদের নিরাপদ ভাবতেও শুরু করেছে। সংবাদে সন্ত্রাসী তালিকায় কোনো কোনো সন্ত্রাসী ও তাদের গডফাদারদের নাম বাদ পড়ায় অনেকে হাফ ছেড়ে বেঁচেছেন মনে করে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ধারণ করে আছেন বলেও সূত্রে প্রকাশ।
নিজেদের রক্ষার ব্যাপারে সন্ত্রাসীরা যে যতোই আস্থাশীল হোন না কেন প্রশাসনের হিসেব অন্য জায়গায়। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে মহেশখালীর সন্ত্রাসীদের ব্যাপারে রেডম্যাপ সম্পন্ন করেছে গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে। খুব শীগগিরই এর একটা প্রভাব সন্ত্রাসী বাহিনীর ওপর পড়তে যাচ্ছে বলে সূত্রে প্রকাশ।
বৃহৎ স্বার্থে সন্ত্রাসী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় নামছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এ নিয়ে মহেশখালীতে ইতোমধ্যে ‘সন্ত্রাসীদের আতঙ্ক’ হিসাবে পরিচিত পাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘সন্ত্রাসী কার’ এ পরিচয় না দেখে অভিযানে নেমেছেন বলে প্রতিবেদকে জানিয়েছেন। মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, তানভীর হত্যার আসামীসহ সকল অপরাধীদের খোঁজতেছি।