× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ উন্নয়নের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।

১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার ৭ নং উরফি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মনির গাজীর বিরুদ্ধে মসজিদের নামে টিআর বরাদ্দের অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।

উরফি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীদের সাথে যোগাযোগ করে জানাগেছে মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন বাবদ ২০২২-২৩ অর্থ বছরে এমপি/১ম -৪১ গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর /খাদ্যশস্য /নগদ টাকা) কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে নগদ ৪৭,৫০০/= (সাত চল্লিশ হাজার পাঁচ শত) টাকা স্বাক্ষর দিয়ে তুলে নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির গাজী। পরবর্তীতে দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও টি.আর বরাদ্দের সেই অর্থ চেয়ারম্যান মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নিকট জমা না দিয়ে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। বিষয়টি জানাজানি হলে ওই এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ কর। 

মসজিদ কমিটির সভাপতি ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী সেলিম আক্তার সহ একাধিক মুসল্লী আমাদের প্রতিনিধিকে জানান, আমরা বিষয়টি প্রথমে জানতাম না পরে জেনেছি এবং চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। চেয়ারম্যান বরাদ্দের অর্থ দিবো দিবো করে আর ফেরত দেননি। আমরাও লজ্জায় আর বরাদ্দের অর্থ চাইনি। পরবর্তীতে, চলতি বছর পবিত্র ঈদুল আযহা'র পূর্বে চেয়ারম্যান নিজেই লোক মারফত বলেছিলেন কুরবানীর আগেই তিনি মসজিদের নামে বরাদ্দকৃত সমুদয় অর্থ ফেরত দিবেন। কিন্তু পরবর্তীতে আর দেননি। মুসল্লীরা আক্ষেপ করে বলেন, মানুষ পরকালের কথা চিন্তা করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানে বেশি বেশি করে দান করেন। অথচ আমাদের চেয়ারম্যান দুই বছর পার হলেও মসজিদ উন্নয়নের বরাদ্দের অর্থ ফেরত দেননি। তারা আরো বলেন, সম্প্রতি এ বিষয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহ করার খবরটি চেয়ারম্যানের কানে পৌঁছায়। পরে চেয়ারম্যান গতকাল  তড়িঘড়ি করে ৫ হাজার টাকা এবং ৫'শত ইট পাঠিয়েছেন বলে শুনেছি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনির গাজীর সাথে ০১৭...৬১৩ নম্বরে যোগাযোগ হলে তিনি বলেন, আমি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছি। ৩/৪ দিন পর ফিরবো। কমিটি আমার কাছে বরাদ্দের অর্থ এতো দিন চায়নি বলে আমি দেই নাই। আর মসজিদ, মাদ্রাসায় মানুষ দান করে। আমিও দান করি। পারলে আমার গ্রামে গিয়ে আপনারা শুনে দেখতে পারেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.