ছবিঃ ওসমান গনি
কুমিল্লার চান্দিনা উপজেলায় টিসিবি’র ভোগ্যপণ্য বিতরণে ব্যাপক অনিয়ামের অভিযোগ উঠেছে। উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। এসময় নির্ধারিত সুলভ মূল্য কার্ডধারীদের বাদ দিয়ে ইচ্ছে মতো নিজেদের পছন্দের মানুষকে পণ্য বিতরণ করেন স্থানীয় বহিরাগত প্রভাবশালী কতিপয় লোকজন। স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করার নিয়ম থাকলেও সেই নিয়ম অনুযায়ী তালিকাভুক্তদের দেওয়া হয়নি তেল, ডাল ও চাল। ট্যাগ অফিসার, পুলিশ অফিসারের অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান-২ মো. আবুল বাশারকে অবহিত না করে, ডিলার এবং সংশ্লিষ্টরা এমন অনিয়ম করে যাচ্ছে।
সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়, তালিকা অনুযায়ী তারা দীর্ঘদিন থেকেই টিসিবি’র পণ্য ক্রয় করে আসছেন। শনিবার সকালে এসে শুনতে পান টিসিবি’র সুলভ মূল্য কার্ড রেখে দিচ্ছেন একটি দলের স্থানীয় কিছু রাজনীতিক কর্মী। তারা নিজেদের পছন্দ মতো লোকজনকে শুধু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পণ্য বিতরণ করছেন। যেটা নিয়ম বহির্ভূত।
মেহার গ্রামের বজলুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী (পঙ্গু) অহিদুর রহমান অভিযোগ করেন- তিনি টিসিবি’র কার্ডধারী। সকালে ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় কয়েকজন তার কার্ড রেখে তাকে পণ্য না দিয়ে বিদায় করেছেন।
একই গ্রামের আলী হোসেনের ছেলে মো. সফিক অভিযোগ করেন- ‘আমার কার্ড ফেরত দিয়েছে বিতরণকারীরা এবং আমাকে মাল দিবে না বলে জানিয়ে দিয়েছে তারা।’
এব্যাপারে টিসিবি’র ডিলার মো. সাইফুল ইসলাম বলেন- ‘মানুষ বেশি বলে বিতরণের সুবিধার্থে সময় বাঁচাতে কার্ড রেখে দেওয়া হচ্ছে। এগুলোতে সিল, স্বাক্ষর দিয়ে পরে আবার সুবিধাভোগীদের কাছে ফেরত পাঠানো হবে।’ চেয়ারম্যানের সাথে তার লোকজন যোগাযোগ করেছেন এবং বিতরণের সময় ট্যাগ অফিসারও ছিলেন বলে তিনি দাবি করেন।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জনান, আমি খবর পেয়েছি। নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
