লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। একই সাথে গতকাল থেকে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আজ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
অভিযোগে উঠেছে, গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার দিবাগত রাতে ২৫টি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহির ইমাম। এ সময় চালের হিসাবে গড়মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেন। এরপর থেকেই অভিযান শুরু করে প্রশাসন। অভিযান উপজলোর শুকানদিঘি থেকে ৬০০ বস্তায় থাকা ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব চালের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহির ইমাম জানান, "খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার এ ধরনের একটি অভিযোগ আমার কানে আসা মাত্রই জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সহ আমরা গতকালকেই সেটা ভিজিট করি এবং এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়।তাই গতকালকে রাতেই আমরা খাদ্য গুদামটি সিলগালা করি।এবং আমরা প্রাথমিক ভাবেই ধারনা করছি ২৫০মেট্রিক টন চাল সেখান থেকে আত্মসাৎ করা হয়েছ।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ (ওসি) কবির বলেন, মামলার এজাহারটি আমরা দুদকের সমন্বিত কার্যালয় কুড়িগ্রামে পাঠাবো। তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।