রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শাহমখদুম কলেজের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম দেল মোহাম্মদ (৬০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ তশোপাড়া এলাকার লাহারের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধি বলে জানিয়েছেন এলাকার স্থানীয়রা।
পুলিশ জানায়, পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন দেল মোহাম্মদকে ধাওয়া করে। পরে আলু পট্টি মোড় এলাকায় ধরে মারধর শুরু করে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। ১০-১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা করা হয়। একপর্যায়ে তিনি তার নাম দেল মোহাম্মদ (৬০) বলে জানান।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়। পূজা কমিটি ও স্থানীয় লোকজন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদের উপস্থিতিতে মন্দির কমিটির নিকট লিখিত নিয়ে আটক ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ওসি মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেল মোহাম্মদকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাকে সুস্থ মস্তিস্কের মনে হয়নি। কথাবার্তায় বেশ অসংলগ্ন মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তার মানসিক কোন সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।