× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হালুয়াঘাটে পূজামণ্ডপে বন্যার পানি ; নেই দুর্গাপূজার আমেজ

ময়মনসিংহ ব্যুরো।

১১ অক্টোবর ২০২৪, ১৮:০৬ পিএম

ছবিঃ ময়মনসিংহ ব্যুরো।

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এখনো পানিবন্দি রয়েছে ৫ ইউনিয়নের কয়েক হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি ক্ষেত, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির। এদিকে, বুধবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বন্যার কারণে এই উপজেলার মানুষের এই উৎসবের আনন্দ অনেকটাই ম্লান।

বন্যা কবলিত এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে এখন কেবল হাহাকার আর চাপাকান্না। তারপরও আশায় বুক বেঁধে চারপাশে থৈ থৈ পানির মধ্যেই মণ্ডপ প্রতিষ্ঠা করে উৎসব পালনের চেষ্টা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। 

হালুয়াঘাট উপজেলার ৩টি পূজামণ্ডপে বন্যার পানি উঠে যাওয়ায় স্থানান্তর করে চলছে পূজার কার্যক্রম।
পার্শ্ববর্তী উচুস্থানে প্রতিমা পুনঃস্থাপন করে চালানো হচ্ছে পূজার কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে পূজায় আগত পূজারী ও  দর্শনার্থীরা। ইতোমধ্যে বন্যায় আক্রান্ত এ সকল পূজামণ্ডপ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। বন্যায় আক্রান্ত পূজামণ্ডপগুলির মধ্যে রয়েছে বাট্টা নয়াপাড়া দক্ষিণা কালী মন্দির, শাকুয়াই বাজার পূজামণ্ডপ ও দক্ষিণ ইটাখোলা অনিল বর্মনের বাড়ির পূজামণ্ডপ।

দুর্গাপূজা সবসময়ই হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আগ্রহের। প্রতিমা ও আলোকসজ্জার একটা আলাদা জৌলুস থাকে, যা সব মানুষকে আকর্ষণ করে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। স্মরণকালের ভয়াবহ বন্যায় অনেক মন্দিরে পানি উঠেছে। বন্যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যবারের তুলনায় পূজায় আমেজ ও জৌলুস কিছুটা কমেছে। বন্যার পানির কারণে অনেক পূজামণ্ডপ ও আঙিনা সজ্জিত করা যাচ্ছে না। এছাড়া দৃষ্টিনন্দন ফটক ও প্যান্ডেলের কাজও বন্ধ রাখতে হয়েছে। তবে পূজা সংশ্লিষ্টরা জানিয়েছে, অনেক মণ্ডপে পানি থাকলেও নিয়ম মেনেই চলবে পূজার আনুষ্ঠানিকতা।

হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা বলেন, বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বন্যার কারণে পুরো উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত। এতে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আনন্দে ভাটা পড়েছে।

তিনি আরও জানান, এবার উপজেলায় মোট ৫৯টি মণ্ডপে পূজা হবে। ভয়াবহ বন্যার কারণে পানিবন্দি থাকায় এবং সেখানে যাতায়াতের কোন ব্যবস্থা না থাকায় ৭টি মণ্ডপে কোন প্রকার প্যান্ডেল ও আলোকসজ্জা হবে না। সেখানে শুধু নিয়ম মেনেই চলবে পূজার আনুষ্ঠানিকতা। এছাড়া বন্যার কারণে ৩টি মণ্ডপে পূজা করা সম্ভব হচ্ছে না। তাই এই  মণ্ডপগুলো স্থানান্তর করা হয়েছে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.