জামালপুর বাস টার্মিনালে নেই যানবাহন দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা। দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী এবং যানবাহন চালক ও শ্রমিকরা প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন। বেশি ভোগান্তি পোহাচ্ছেন নারী-শিশু ও বৃদ্ধরা। এদিকে বেশিরভাগ বাসই প্রধান সড়কের উপর দাঁড় করিয়ে রাখা হয়। এর কারণে শহরের প্রবেশমুখে সব সময় যানজট লেগেই থাকে। এছাড়াও যাত্রীদের উঠানামাও করা হয় রাস্তার উপরেই। যার কারণে নানা সময়ে ঘটে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়েই বাসযাত্রীরা বাসে উঠানামা করেন। এ নিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলকাবাসী ও যাত্রীরা।
তবে প্রতিকার চেয়ে গত ১২ সেপ্টেম্বর বাথরুম ও ঠ্যাংকি সংস্কার , কেন্দ্রীয় বাস টার্মিনালে চার পাশে ড্রেন সংস্কার করে পানি নিষ্কাশন , টার্মিনালের অভ্যন্তরে গর্ত ভরাট ও ইটের সলিং করা ,অফিস রুম সংস্কার,কাউন্টার সংস্কারের দাবীতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৪ অক্টোবর বাস- মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে জামালপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে বলে শনিবার ( ১৯ অক্টোবর) বিকাল ৪ টায় জামালপুর জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন শুভ সংবাদ সারাবেলাকে নিশ্চিত করেছে।
খোজ নিয়ে জানা যায়, ১৯৮৫ সাল থেকে ২ একর জমির ওপর জামালপুর বাস টার্মিনালটি জেলা পরিষদ রক্ষণাবেক্ষণ করছে। জামালপুরের ২৬ লক্ষ মানুষের ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের প্রধান বাহন হলো বাস। প্রতিনিয়ত জামালপুর-ঢাকা সহ দেশের বিভিন্ন আন্তজেলায় দেড় শতাধিক বাসে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করছে। বৃষ্টি হলেই টার্মিনালের ভেতরে ও আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেও হাঁটুপানিতে নিমজ্জ থাকে টার্মিনালটি। দেখে বুঝার উপায় নেই, এটি কোন ডোবা নালা নাকি বাস টার্মিনাল।
বাস টার্মিনালের প্রতিটি জায়গায় কাঁদাপানি, নেই দাঁড়ানোর কোন জায়গা। যাত্রীদের একটু বিশ্রামের জন্য নেই কোন যাত্রী ছাউনি। যাত্রীরা বাস টার্মিনালের আশপাশে চায়ের দোকানগুলোকেই বেছে নিয়েছেন যাত্রী ছাউনী হিসেবে। এছাড়াও বাস টার্মিনালে নেই কোন পাবলিক টয়লেট। এ নিয়েও সাধারণ যাত্রীদের অভিযোগের কোন শেষ নেই। বিশেষ করে মহিলারা বাস টার্মিনালে পাবলিক টয়লেট না থাকায় চরম বিপাকে পড়েন। শুধু তাই নয় ৪০ বছর আগে নির্মিত ভবনটি যেন এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। বাস মিনিবাস মালিক সমিতির অফিস কক্ষের ছাদের প্লাষ্টারও খুলে খুলে পড়ছে। জীবন ঝুঁকি নিয়েই অফিসে কাজ করছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্যরা।
তবে দেখা মিলেছে বাস টার্মিনালের আশপাশে আবর্জনার স্তুপ। যাত্রীদের ফেলানো চিপসের প্যাকেট সহ নানা ময়লা পুরো বাস টার্মিনাল জুড়ে। দেখে মনে হয় পুরো বাস টার্মিনালটিই একটি ময়লার ভাগাড়। পরিষ্কার করার জন্যও নেই কোন পরিচ্ছন্নতা কর্মী। নেই কোন সুনির্দিষ্ট টিকিট কাউন্টার। ভাঙ্গাচোরা ছোট্ট একটু জায়গা টিকিট কাউন্টার হিসেবে ব্যবহৃত হলেও বৃষ্টি আসলে তা পানিতে তলিয়ে যায়। বাসের টিকিট কাটতেও হাঁটু পানিতে নামতে হয় বাস যাত্রীদের। সব মিলিয়ে জামালপুর থেকে দেশের বিভিন্ন স্থানে বাসযাত্রা মানেই যেন এখন ভোগান্তি।
তবে জামালপুর বাস টার্মিনালে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা, ওয়ার্কশপ, শপিং মল, হোটেল-রেস্তোরাঁ, এটিএম বুথ, আধুনিক বিশ্রামাগার, শৌচাগার,টিকিট কাউন্টার,শ্রমিকদের বিশ্রামাগার সহ একটি আধুনিক বাস মিনিবাস মালিক সমিতির ভবণ নির্মাণের মাধ্যমে বদলে যাবে এই বাস টার্মিনালের চিত্র। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন এমনটিই প্রত্যাশা করেন জামালপুর জেলাবাসীরা।
বাহা উদ্দিন নামের যাত্রী জানান, সারা বাংলাদেশে যত গুলা বাসস্ট্যাড আছে সবার চাইতে অবহেলিত আমাদের জামালপুর বাস স্ট্যান্ড। এখানে কোন যাত্রী ছাউনী নাই। বৃষ্টি আসলে ছাউনীর নিচে দাড়ানোর কোন ব্যবস্থাও নাই।
এদিকে কয়েকজন নারী যাত্রী জানান, বাস স্ট্যান্ডে তেমন কোন পরিবেশই নাই। বসার ব্যবস্থা নেই, টয়লেট নেই, বৃষ্টি হলে দাড়ানোর ব্যবস্থা নেই। এর জন্য আমাদের খুব ক্লান্তি ভোগ করতে হয়। এখানে নোংরা পরিবেশ৷
অন্যদিকে স্থানীয় জহুরুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর এ বাস স্ট্যান্ডে কোন উন্নয়ন মুলক কাজ হয়নি। যাত্রীরা এসে বাথরুমে যেতে পাওে না। যাত্রীরা এস যে স্বাচন্দে বাসে উঠবে এ ধরণের পরিবেশ নেই। আমি আশা রাখব আগামীতে যেন এ বাস স্ট্যান্ড মডেল বাস স্ট্যান্ড হয়। শেখ হাসিনার সরকারের সময় এখানে কোন উন্নয়ন হয়নি ।
জহির ইসলাম সহ কয়েকজন বাস চালক জানান, আমাদের এখানে বৃষ্টি হলে হাটু পর্যন্ত পানি হয়ে যায়। গাড়ী রাখার জায়গা না থাকায় রাস্তা ঘাটে আমাদের গাড়ী রাখতে হয়। এখানে চালক, হেলপার এবং যাত্রীদের জন্য বাথরুমের ব্যবস্থা নাই এবং বসা বা থাকার ব্যবস্থাও নাই। কিছু দিন পর এই বাস স্ট্যান্ডে লোকই আসবে না। সরকার একটু সু নজর দিলে আমাদের জন্য ভাল হয়।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন শুভ জানান, আমাদের এ কেন্দ্রীয় বাস টার্মিনাল এমন একটা অবস্থার মধ্যে আছে, যারা মালিক সমিতির মালিক ও শ্রমিকরা আছে তারা অফিস পর্যন্ত আসতে পারতেছি না। এখানে বাথরুমের ব্যবস্থা নাই, যাত্রী ছাউনি নাই,এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, টার্মিনালের পুরাতন ভবন ভেংগে ভেংগে পড়লেও কোন ব্যবস্থা নাই। এখানে যে পানি নিস্কাশন হবে এটারো ব্যবস্থা নাই।আমরা প্রতিকার চেয়ে আবেদন করেছি ।
জামালপুর জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জারনিজ বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এ বাস স্ট্যান্ডটা খুব বাজে অবস্থায় আছে। আমাদের অফিসের চার পাশে পানি কাদায় ভরা থাকে এবং বৃষ্টি হলেই এক হাটু পানি জমা থাকে। আমাদের ভবনের সমস্ত ছাদ ফেটে গেছে। মৃত্যুর ঝুকি আমরা বসে থাকি। জামালপুরে অনেকেই উন্নয়নের কথা বললেও এ বাসস্ট্যান্ডের দিকে তাকালে দেখা যায় উন্নয়নের কোন চিত্র এখানে নেই।
এদিকে জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজা সংবাদ সারাবেলাকে জানান, জামালপুর বাস টার্মিনালটি আমাদের জেলা পরিষদের নিয়ন্ত্রাধীন। ইতিমধ্যেই আমরা পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যেই প্রকল্প গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।