ঝালকাঠির নলছিটিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে হাতেনাতে অটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (২ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মানপাশা বাজার এলাকায় শহিদুলের ঘর থেকে তাদের আটক করে পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম।
পুলিশ ও স্থানীয়দেরসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুলের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে মানপাশা বাজারে শহিদুলের বাসায় আসেন প্রবাসীর স্ত্রী। রাত গভীর হলেও প্রবাসীর স্ত্রী শহিদুলের বাসা থেকে চলে যাননি। টের পেয়ে স্থানীয়রা ওই বাসা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, মানাপাশা বাজার এলাকার শহিদুলের ঘরে গভীর রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের আটক করে দুইজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।