মানিকগঞ্জে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। গত চারদিন ধরে সন্ধ্যা থেকে শুরু হয় কুয়াশা। রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। কুয়াশার কারণে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস ফলে জনজীবন দুর্ভোগে পড়েছে।
গতকাল রাতে শীতের মাত্রা বাড়ার কারণে বেড়েছে কুয়াশার ঘনত্ব। আজ (১০ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মানিকগঞ্জের জনপদ।
দেখা গেছে, ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছেন না অনেকে। ফলে বয়স্ক ও শিশুদের মাঝে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ কারণে ঢাক আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে।
কুয়াশার কারণে ভোরে সূর্যের দেখা মিলতে সময় লাগে। এদিকে কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে গাড়ি চলাচলে ধীরগতি ।হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। জানা গেছে, গত কয়েকদিন ধরেই ভোর রাতের দিকে ঘন কুয়াশা পড়ছে।
এ কারণে সকাল থেকে শহরসহ জেলার সঙ্গে বিভিন্ন উপজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল রয়েছে সীমিত। স্থানীয়ভাবে রিকশা, ভ্যান, অটোরিকশা চলাচলও রয়েছে সামান্য।
সকাল ৮/৯ টা বেজে যাচ্ছে কুয়াশা কাটতে। এছাড়াও স্বল্প দূরত্বের ছোট যানবাহনও কুয়াশা থাকায় ভোরের দিকে চলাচল কমে গেছে বলে জানা যায়।
পরিবহন চালকেরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভোরে গাড়ি চালাতে খুবই সতর্কতা মেনে চলতে হয়। সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে সড়কে চলতে হয়।
মো. মামুন নামে এক ট্রাক চালক বলেন, ভোরে যানবাহন কম এখন সড়কে। আমরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। গত কয়েকদিন ধরেই বেশ কুয়াশা পড়ছে।
কৃষ্ণপুর ইউনিয়নের দিনমজুর রফিকুল ইসলাম জানান, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় মাঠে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে। কাজ করার সময় হাত-পা ঠান্ডায় জমে যায়।
অটোরিকশাচালক চঞ্চল হোসেন জানান, কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে খুব ধীরগতিতে অটো চালাতে হচ্ছে। সামান্য দূরের জিনিসও দেখা যায় না।
কৃষি শ্রমিক শরিফ মিয়া জানান, কঠিন শীত ও কুয়াশা পড়ছে, হাত-পা ঠান্ডা হয়া যায়ছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম চন্দ্রদাস বলেন, রাত ১০ টার পর থেকে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকে। এখন ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।
অপরদিকে, তীব্র শীতের কারণে অভাবী ও ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছেন। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। মানিকগঞ্জে নদী অববাহিকার লোকজন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।কৃষি শ্রমিক থেকে ভ্যান ও রিকশাচালকরা পড়েছে দূর্ভোগে।