ময়মনসিংহের হালুয়াঘাটে বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ফজলুল হক (৫৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আবুল কাশেম ফজলুল হক উপজেলার প্রশ্চিম গিলাভূই এলাকার মৃত আব্দুল আজিজ এর পুত্র।
মামলায় উল্লেখ করা হয়, সাবেক এমপির ছত্রছায়ায় সকল রাজনৈতিক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করে সবকিছু নিয়ন্ত্রণ করতো আবুল কাশেম । এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত ৫ ই আগস্ট সকালে হালুয়াঘাট বাজার পূর্ব স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করতে আসাদের, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাধা প্রদান করে। মিছিলকারীরা তাদের বাধা উপেক্ষা করে যেতে চাইলে, তাদের উপর পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং কয়েকজনকে মারধর করে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এ ঘটনায় গত ২৯ আগস্ট দুপুরে হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার বাদী হয়ে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে হালুয়াঘাট থানায় মামলা করেন । মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের বলেন, প্রাথমিক তদন্তে ঐ ঘটনায় আসামী আবুল কাশেম ফজলুল হক জড়িত বলে তথ্য পাওয়া গেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামীকে মঙ্গলবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।