শীত বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরে বিক্রিও বেড়েছে শীতের পোশাকের। ফলে গত কয়েকদিনে মার্কেটগুলো ক্রেতায় জমজমাট। বিক্রেতাদের আশা এভাবে বিক্রি চলতে থাকলে লাভের মুখ দেখবেন তারা।
লক্ষ্মীপুরে বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক। সপ্তাহখানেক আগে থেকে বেচাবিক্রি ও শুরু হয়েছে। শপিং মলে এখনও তেমন বেচাবিক্রি চোখে না পড়লেও ফুটপাতে শীতের কাপড়ের আগাম বেচাকেনা ভালোই চলছে।
বিকাল থেকে রাত অবধি বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে লক্ষ্মীপুরের ভ্রাম্যমাণ দোকানগুলো। রবিবার (৮ ডিসেম্বর ) লক্ষ্মীপুরের ঝুমুর পয়েন্ট , দক্ষিণ তেমনি, উত্তর স্টেশন, তমিজ মার্কেট, আজিম শাহ মার্কেট ও মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ফুটপাত ও শপিং মলে এমন চিত্র দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের চাদর, গেঞ্জি, হুডি, মাফলার, জ্যাকেট, বাচ্চাদের নানান বাহারি কান টুপি, সোয়েটার, গেঞ্জি, পুরনো কমফোর্টার, হাতমোজাসহ সবধরনের শীতবস্ত্রই মিলছে এসব ফুটপাতের দোকানে। অনেক দোকানে আবার শুধুই শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে।
লক্ষীপুর সোনালী ব্যাংকের সামনে ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করেন তাইজুদ্দিন । দৈনিক সংবাদ সারা বেলাকে তিনি বলেন, ফুটপাতে কাপড় বিক্রি করেই সংসার চালাই। সামনে শীতের মৌসুম, তাই শীতবস্ত্র বিক্রি শুরু করেছি। গতবছর ফুটপাতে আমার দোকান ছিল একটা অনেক শীতের কাপড় রয়ে গেছে তাই এবার তিনটি দোকান ফুটপাতে লাগিয়েছি ৮ জন কর্মচারী দিয়ে আমি দোকানগুলো চালাচ্ছি । এখন সেগুলো কম দামে বিক্রি করছি।
লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ তেহমনি এলাকায় ফুটপাতে বাচ্চাদের শীতের পোশাক বিক্রি করেন আলি হোসনে তিনি বলেন এক সপ্তাহ আগে শীতের পোশাক তুলেছি। এর আগে ছেলেদের টি-শার্ট বিক্রি করতাম। শীতের পোশাক টুকটাক বেচা শুরু হলেও পুরোপুরি জমেনি। লক্ষ্মীপুরে এখনো ভালোভাবে শীত পড়েনি। শীত পড়লে তখন বিক্রি বাড়বে।
ফুটপাতের বিভিন্ন দোকানের শীতবস্ত্রের দাম যাচাই করে দেখা যায়, হুডি ২০০-৪৫০ টাকা, মোটা গেঞ্জি ১৩০-১৫০ টাকা, মেয়েদের কার্ডিগান ৪০০-১০০০ টাকা, সুয়েটার ৩০০-৫০০ টাকা, মোটা জ্যাকেট ৬০০-৭৫০ টাকা, চাদর ৭৫০-৮০০ টাকা, ডেনিম শার্ট ২০০-৩০০ টাকা, কম্বল ২৫০-৫০০ টাকা, কানটুপি ৬০-১৫০ টাকা, মাঙ্কি টুপি ৬০-১০০ টাকা, জ্যাকেট ৫০০-৬০০ টাকা, শর্ট কোর্ট ৫০০-৬০০ টাকা, ছোটদের শীতের পোশাক ৬০-২০০ টাকা, মোজা ৩০-৫০টাকায় বিক্রি হচ্ছে।
লক্ষ্মীপুরে বড় বড় বিপনীয় বিধানগুলোতে ও শপিং মল, পৌর সুপার মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেটসহ বেশ কয়েকটি শপিং মলে গিয়ে দেখা যায়, প্রায় সব দোকানেই শীতের পোশাক চলে এসেছে। তবে বেচাবিক্রি তেমন না থাকায় অধিকাংশ বিক্রেতা অবসর সময় পার করছেন।
লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা মার্কেটের দোকানদার কমলসাহা বলেন, ব্যবসা করতে বরাবরই ধৈর্য দরকার। শীতের পোশাক আনছি, কিন্তু বিক্রি হচ্ছে না। কিন্তু ধৈর্য হারাচ্ছি না। কারণ আমরা জানি, শীত বাড়লে বিক্রি বাড়বে। এখন শীত কম পড়ছে। তাই দামও তুলনামূলক কম। তবে শীত বাড়লে দামও বাড়বে বলে জানান এই বিক্রেতা।