বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে মালয়েশিয়ার প্রতি মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে, গত বছরের মে মাসে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীর প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ করেন।
হাইকমিশনার সুহাদা জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং মঙ্গলবার (১৪ জানুয়ারি) একই বিষয়ে আরও একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে আরও কর্মীরা সে দেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
এছাড়া, আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় মালয়েশিয়াকে অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন।
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়ান কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করা হলে দেশটির যুবশক্তিকে আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৭৯/১৮২ অনুযায়ী ২০২৫ সালে জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন চায় বাংলাদেশ।