সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক ভুক্তভোগী নারী। তার দাবি, একটি মামলায় তার কাছ থেকে দুই কোটি টাকা দাবি করেন হারুন। টাকা না দেওয়ায় মামলার চার্জশিটে তার পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস নামের ওই নারী এই অভিযোগ করেন।
জান্নাতুল ফেরদৌস জানান, তার স্বামী মৃত হাসান আহমেদ ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পৈতৃকসূত্রে একজন জুট মিলস ব্যবসায়ী।
তিনি বলেন, ২০২০ সালে তার স্বামী ব্রেইন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তার দেবর কবির আহমেদ, মুসা এবং তাদের কর্মচারী বিদ্যুৎ ঘোষ কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সরাতে থাকেন এবং তার স্বামীকে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। তার স্বামী প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়ে সহায়তা কামনা করেন, যা তাকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য করে।
২০২২ সালের ২৪ জানুয়ারি তার স্বামীর মৃত্যু হলে অভিযুক্তরা তাদের পরিবারের আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পল্টন থানা পুলিশ মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ায় আদালত মামলাটি ডিবিকে পুনরায় তদন্তের নির্দেশ দেয়।
জান্নাতুল ফেরদৌস দাবি করেন, ডিবিপ্রধান হারুন তাকে ডেকে দুই কোটি টাকা চান। টাকা না দিলে চার্জশিটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে হুমকি দেন। প্রভাবিত হয়ে মামলাটির চার্জশিট প্রদান করা হয়, যার ফলে আত্মসমর্পণের পর তারা জামিন গ্রহণ করেন। মামলাটি বর্তমানে চার্জ শুনানির জন্য আদালতে রয়েছে।
তিনি জানান, তার স্বামীর কর্মচারী বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া তার দেবররা তার স্বামীর মৃত্যুর পর তাদের বাড়ি থেকে বের করে দেন।
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ২০২৪ সালের ৩ জুলাই আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দেবর ও কর্মচারীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। আসামিরা গ্রেপ্তার হলে তাদের (বাদী) জিম্মায় জামিন দেওয়া হয়, শর্ত ছিল যে আইন অনুযায়ী তার স্বামীর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু শর্ত প্রতিপালন না করে তারা ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি এ বিষয়ে বেশ কয়েকটি এসএমএস সাংবাদিকদের দেখান।
পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জান্নাতুল ফেরদৌস। তিনি তার শিশু সন্তান, ৯০ বছরের বৃদ্ধা মা ও অন্যান্য ক্ষতিগ্রস্তদের নিয়ে সহায়তার আবেদন জানান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
