× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুইবার স্থগিতের পর ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাবির দ্বাদশ সমাবর্তন

রাজশাহী ব্যুরো

১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৭ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে।

এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা পরে জানিয়ে দেব।

এর আগে, ২০২৩ সালের নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই একই বছরের ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া দ্বাদশ সমাবর্তন দ্বিতীয় দফায় গত বছরের ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আবার স্থগিত হয়ে যায়।  

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৫৩ সালে। সর্বশেষ অর্থাৎ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর। প্রথম সমাবর্তনের পর ১৯৫৯, ১৯৬১, ১৯৬২, ১৯৬৫, ১৯৭০, ১৯৯৮, ২০১২, ২০১৫, ২০১৮ অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম সমাবর্তন। মুক্তিযুদ্ধের আগের সমাবর্তনগুলোর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ২২ এপ্রিল অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ভিসি থাকাকালীন একটি বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়। দীর্ঘ ২৮ বছর বিরতির পর ১৯৯৮ সালের ২৯ নভেম্বর অধ্যাপক আব্দুল খালেক ভিসি থাকাকালীন সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। পরে ২০১২ সালের ৯ ডিসেম্বর ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান অষ্টম সমাবর্তনের আয়োজন করেন। ২০১৫ সালের ১৮ জানুয়ারি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ভিসি থাকাকালীন নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এরপর ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দশম সমাবর্তন। সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য তিন হাজার ৪৩১ জন স্নাতক নিবন্ধন করেন। সর্বশেষ দুই সমাবর্তনের ভিসি ছিলেন অধ্যাপক এম আব্দুস সোবহান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.