× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: বিএসএফের দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট।

১৮ জানুয়ারি ২০২৫, ২০:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা নিয়ে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)।


শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র প্রতিবাদে বিএসএফ এই দুঃখ প্রকাশ করে।


এর আগে সকালে, ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে, ভারতীয়রা অভিযোগ করে সীমান্তের ভারতীয় অংশ থেকে ফসল কেটে নেওয়া হয়েছে, যার জেরে তারা সীমান্তে জড়ো হয়। এই সংঘর্ষে তিন-চারজন বাংলাদেশি আহত হন এবং ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। চৌকা-কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা ছিল, যা পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।


বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে পরিস্থিতি সমাধান করতে কাজ করেছে। বিজিবি জানিয়েছে, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে গম কেটে নেওয়ার অভিযোগে ভারতীয়রা কিছু বাংলাদেশিকে আটক করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়, এবং ভারতীয় অংশ থেকে ককটেল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন। পরে, বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে।


শেষ খবর অনুযায়ী, বিজিবি বাংলাদেশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, সীমান্তে কয়েকটি আমগাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তিনি আরও জানিয়েছেন, বিজিবি সীমান্তে দায়িত্ব পালন করছে এবং স্থানীয়দের অনুরোধ করেছেন, তারা যেন সীমান্ত রেখার কাছে অবস্থান না নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.