ছবিঃ সংবাদ সারাবেলা।
এক সময় চাষের জমি ছিল। গোয়াল ভরা গরু ছিল। সংসারে ছিল সুখ স্বাচ্ছন্দ্য। এখন জীবন চলে বাঁশের তৈরি দাঁঁতখিলাল (টুথপিক) বিক্রি করে। জীবনের শেষ বেলায় সংসার হাল ধরার কেউ না থাকায় স্ত্রী, প্রতিবন্ধি মেয়ের মুখে দুমুঠো ভাতের একমাত্র ভরসা এখন বাঁশ কাটির খিলাল। এ গল্প রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রামানিকপাড়া গ্রামের আব্দুল লতিফের (৭০)।
১৯৯৪ সালের কথা। আব্দুল লতিফের বাড়ির অদূরেই ইকরচালী হাটে গিয়ে নিখোঁজ হন একমাত্র ছেলে এরশাদ উদ্দিন। সেই ছেলেকে খুঁজতে গিয়ে গোয়ালের গরু, দুই একর আবাদি জমি, এমনকি থাকা ঘর পর্যন্ত বিক্রি করে দেন তিনি। একপর্যায়ে নিঃস্ব হয়ে পড়লেও ছেলেকে ফিরে পেতে দেশের বিভিন্ন স্থানে কাজ করে খুঁজে বেরিয়েছেন। কিন্তু ছেলে এরশাদকে ফেরে পাননি লফিত।
আব্দুল লতিফ বলেন, ৩০ বছর আগেও আমার সব ছিল। মানুষ আমার বাসায় কাজ করেছে। ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। যখন যেখানে খবর পেয়েছি, ছেলের সন্ধানে ছুটে গেছি। কিন্তু ছেলেকে পাইনি। সংসারে হাল ধরার মতো কেউ নেই। বয়স বেড়ে যাওয়া কাজ করতে পারি না। তাই বাঁশ কাটি দিয়ে খিলাল (টুথপিক) তৈরি করে দোকানে দোকানে বিক্রি করি। এটাই এখন আমার বেঁচে থাকার সম্বল।
আব্দুল লফিত জানান, সংসারে ছয় সন্তান তাঁর। পাঁচ মেয়ে ও এক ছেলে। সবার ছোট ছেলে এরশাদ ১৯৯৪ সালে বাজারে গিয়ে হারিয়ে যায়। চার মেয়ের বিয়ে দিয়েছেন। প্রতিবন্ধি মেয়ে হালিমা ও স্ত্রী ছিদ্দিকাকে নিয়ে তিন সদস্যের সংসার তাঁর। ৭ বছর ধরে বাঁশ কিনে বাড়িতে খিলাল তৈরি করে রংপুর শহর, তারাগঞ্জসহ বিভিন্ন বাজারের হোটেলে বিক্রি করেন তিনি। এতে যা আয় হয় তা দিয়ে চলছে তাঁর সংসার। একটি বাঁশ দেড়’শ টাকায় কিনলে তা দিয়ে খলিাল তৈরি করে ৪০০ টাকা বিক্রি করে।
আব্দুল লতিফের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ঘরের উঠানে বসে পরম মমতায় বাঁশ দিয়ে দাঁতখিলাল তৈরিতে ব্যস্ত তিনি। স্ত্রী ছিদ্দিকা বেগম তাকে সহযোগিতা করছেন। উঠানে বস্তার ওপরে রোদে শুকাতে দেয়া হয়েছে বাঁশের দাঁতখিলাল। সেগুলো পাহাড়া দিচ্ছেন প্রতিবন্ধি মেয়ে হালিমা।
স্ত্রী ছিদ্দিকা বেগম বলেন, ‘আল্লাহ কখন কার কপালে কি রেখেছেন তা তিনিই ভালো জানেন। এক সময় গোয়াল ভরা গরু, ডুলিভরা ধান ছিল। ছেলেকে খুঁজতে গিয়ে সব শেষ। আজ আমাদের দেখার কেউ নেই। বাঁচার জন্যে খাওয়া দরকার। সেইজন্য স্বামীকে বাঁশের খলিল তৈরি করে দিচ্ছি। খিলাল বিক্রি করে ভাত-কাপড় জুটছে। আমাদের বাঁশের খিললের চাহিদা ভালো।
প্রতিবেশি স্যাকলাইন প্রামানিক বলেন, আব্দুল লফিত চাচার জীবনে অনেক ট্রাজেডি রয়েছে। তাঁর একমাত্র ছেলে হারিয়ে গেছে। এক মেয়ে প্রতিবন্ধি। বসতভিটা ছাড়া কোনো সহায়-সম্বল নেই। তবুও তিনি অন্যের কাছে হাত পাতেন না। আব্দুল লফিত চাচা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। জীবনের শেষ সময়েও তিনি বাঁশের খিলাল তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁর মতো সৎ লোক খুব দুলর্ব।
ইকরচালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, আব্দুল লতিফ ভাই কখনো সাহায্যের জন্য পরিষদে আসত না। আমরা উপযাচক হয়ে তাকে অনেক সময় সহায়তা করেছি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
