ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও রংপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক আশরাফ হোসেন বড়দা (৮৫) আর নেই। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মৃত্যুকালে একমাত্র কন্যাসন্তানসহ আত্মীয়স্বজন,শুভান্যুধায়ী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (২৪ জানুয়ারি) বাদ জুমা রংপুর মহানগরীর গুপ্তপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে নূরপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় আশরাফ হোসেন বড়দা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। মূলত জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি লেখা পড়ার মাধ্যমে রাষ্ট্রভাষার প্রতি উদ্বুদ্ধ হন তিনি। এর পর তিনি প্রগতিশীল শিক্ষক সন্তোষ গুহের সান্নিধ্য ও কবি শাহ আমানত আলীর অনুপ্রেরণায় আন্দোলনে অংশ নেন। ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতির স্বপ্ন না দেখা এই ভাষাসৈনিকের চাওয়া ছিল ‘ভাষা আগ্রাসন’ যেন বন্ধ হয়।
ভাষা আন্দোলন করার কারণে ১৯৫৪ সালে আশরাফ হোসেন আত্মগোপনে চলে যান। রংপুরে স্থায়ীভাবে ১৯৫৫ সাল থেকেবসবাস শুরু করেন। নগরীর গুপ্তপাড়ার নিউক্রস রোডের ডুয়ার্স ভবনই ভাষাসৈনিক আশরাফ হোসেনের বসবাস করতেন।
বায়ান্নর আন্দোলনমুখর সময়ে আশরাফ হোসেন ছাত্র ইউনিয়নে যোগ দেন। এরপর ন্যাপ-ভাসানী করলেও পরে ইউনাইটেড পিপলস পার্টি হয়ে নাম লেখান সাত দলে। সর্বশেষ তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। কিন্তু তা টেকসই হয়নি, সেখান থেকে পদত্যাগ করেন পরবর্তিতে।
জীবনের পড়ন্ত বেলায় তিনি বয়সের ভারে ন্যুব্জ হয়ে কখনো লাঠিতে, নয়তো অন্যের হাত ধরে চলাফেরা করেছিল। কমেছে গিয়েছিল তার স্মৃতিশক্তিও। গত ১৯ জানুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
২০২২ সালে ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষে পদাপর্ণ অনুষ্ঠানে ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল ও ভাষাসৈনিক আশরাফ হোসনে বড়দা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দার মৃত্যুতে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল, প্রেসক্লাব রংপুর, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শোক জানিয়েছে।