× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কার ও নির্বাচন এ দুটি বিষয় একটির সাথে আরেকটি গুরুত্বহীন নয়

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংস্কার ও নির্বাচন এ দুটি বিষয় একটির সাথে আরেকটি গুরুত্বহীন নয় বরং দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমাদের দলের নেতা তারেক রহমান দেশে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের ছোট ভাইয়েরা এই সরকারে আছে। তারা গণঅভ্যূত্থানের সাথে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এই সময় ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এজন্য আমাদের জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।  
 
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হলে তিনি চেষ্টা করবেন। তার এ প্রক্রিয়ার সাথে বিএনপিসহ সকল রাজনৈতিক দল থাকবে। এই প্রক্রিয়ার সাথে প্রধান উপদেষ্টা ও সরকারও আছে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন না হলে যে সংকট তৈরী হচ্ছে, তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবেলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ।  

বিএনপি’র ভাইস চেয়ারম্যান বলেন, দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই। সংস্কার যতদ্রুত সম্ভব সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এটি এখন প্রধানতম কাজ।

তিনি বলেন, দেশে সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া ও ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান। নতুন পরিবর্তনের দিকে তারা দেশকে নিয়ে যাওয়াসহ গণঅভ্যূত্থানে নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমূখী ও স্বাধীনতা মূখী করতে হবে। দেশকে গোষ্ঠিতন্ত্রের বাহিরে নিয়ে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে।  
   
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। এরপর বিকেলে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.