মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে নির্মিত মুজিব চত্বরের ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ও জনতা মিলে নানা ধরনের স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে থাকে।
গতকাল (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছাত্র-জনতা লোহার পাইপ, হাতুড়ি ও শাবল দিয়ে শহরের মুজিব ম্যুরালটির বিভিন্ন স্থান ভেঙে ফেলেন। এ সময় চত্বরে বিপুলসংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিল।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই মুজিব চত্বরের সামনে ভিড় করতে থাকেন ছাত্র-জনতা। এরপর সবাই একত্রিত হয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সামনে ভাঙচুর করেন।
এ সময় সেখানে অংশ নেয়া বিক্ষু শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। মূলত ভারতে অবস্থানে থেকে গত রাতে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান প্রতিবাদের মাঝে মানিকগঞ্জ শহরে শিক্ষার্থীদের কর্মসূচী থেকে মুজিব ম্যুরাল ভাঙা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, গণহত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট ও পতিত আওয়ামীলীগের কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না। এদেশে স্বৈরাচার হাসিনা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল। তাই দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জোড়ে দিয়েছিলেন। আজ বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের ম্যুরাল ভাঙার মাধ্যমে মুজিববাদের কবর রচিত হল।
এ সময় একাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী বলেন, ‘এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণ-আন্দোলনকে কলুষিত করা।আমাদের শহরে এসবের ঠাঁই নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারকে এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, মানিকগঞ্জ শহরের নির্মিত বঙ্গবন্ধুর চত্বর জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু চত্বরটি নির্মাণ করা হয়