× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীর আবাদীজমি হুমকির মুখে

মাটিতে হ্রাস পাচ্ছে জৈব পদার্থের উপস্থিতি; পাঁচ এর স্থলে শূণ্য দশমিক ৫ শতাংশ মাত্র !

শাহানুর রহমান রানা (রাজশাহী ব্যুরো ।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীর পবা উপজেলার অধিকাংশ আবাদি জমির মাটিতে দিন দিন হ্রাস পাচ্ছে জৈব পদার্থের উপস্থিতি। মাটির চারটি উপাদানের মধ্যে অন্যতম এই উপাদানটি পাঁচ শতাংশ থাকার কথা থাকলেও; সেটির উপস্থিতির হার নেমে এসেছে এক শতাংশের নিচে। কোন কোন এলাকায় উপস্থিতির হার শূণ্য দশমিক ৫ শতাংশ মাত্র। মাটির পুষ্টিগুণ বা উর্বরতা হ্রাস পাবার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম হলো, গোবর ও সমজাতীয় জৈব সার ব্যবহারে নিম্নমূখিতা।

কৃত্রিমভাবে তৈরিকৃত টিএসপি-ডিএপি সহ ইউরিয়া সার ব্যবহারে ফলন কয়েকগুণ বেশি হলেও; প্রতিনিয়তই মাটিতে হ্রাস পাচ্ছে জৈব পদার্থদের উপকরণ। অন্যদিকে, আবাদী জমির ‘টপ সয়েল’ কেটে বিক্রির কারণে ধ্বংস হচ্ছে মাটির উপরিস্থর পুষ্টিগুণ। জমির উপরিভাগের ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত জৈব পদার্থ বিদ্যমান থাকে। এই অংশটিকেই বলে মাটির ‘টপ সয়েল’। এই স্তরের মাটি কাটার ফলে জমির ফসল উৎপাদনের ক্ষমতা হ্রাস পায়।


নাম পরিচয় প্রকাশ না করার শর্তে পবা অঞ্চলের মাটির উর্বরতা ও পুষ্টিগুণ নিয়ে হতাশাজনক তথ্য জানালেন দুজন কর্মকর্তা (উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজার)। জানতে চাইলে ওই দুই কর্মকর্তা বলেন, দেশের চাহিদা মেটাতে গিয়ে; বছরজুড়ে একই জমিতে জোড়পূর্বক বিভিন্ন ধরনের শস্য-ফসল ও সবজি উৎপাদন করছি; কিন্তু সেই পরিমাণ পুষ্টি আমরা তো মাটিকে দিতে পারছিনা। উপরন্তু ‘টপ সয়েল’ ধ্বংস করে সেটিকে আরো ভয়াবহতার দিকে ঢেঁলে দিচ্ছি। 
  
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজশাহী জেলার মোট আয়তন ২ লাখ ৪২ হাজার ৫৪০ হেক্টর। জেলাতে মোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ১৮৫ হেক্টর। এরমধ্যে, উঁচু জমির পরিমাণ ১ লাখ ২৮ হাজার ৯১৬ হেক্টর, মাঝারি উঁচু জমি রয়েছে ৫৩ হাজর ৭০৪ হেক্টর, নিচু জমি রয়েছে ১০ হাজার ৬০৯ হেক্টর, মাঝারি নিচু জমির পরিমাণ ২৯ হাজার ৯২৮ হেক্টর আর অতি নিচু জমি রয়েছে ১৯ হাজার ৩৮৩ হেক্টর।

অন্যদিকে, পবা উপজেলায় মোট মাট আবাদযোগ্য জমির পরিমাণ ১৯ হাজার ৮৯৫ হেক্টর; এক ফসলী জমি ২৪৮০ হেক্টর, দুই ফসলী জমি ৮৪৭৫ হেক্টর, তিন ফসলী জমি ৮৭০৫ হেক্টর ও ততোধিক ফসলী জমি ২৩৫ হেক্টর। অন্যদিকে মোট ফসলী জমির পরিমাণ ৪৬ হাজার ৪৮৫ হেক্টর। মোট কৃষি ব্লক রয়েছে ২৬টি। উপজেলায় কৃষি পরিবার রয়েছে ৫২,৪৭৭ জন বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর সূত্র।

জানতে চাইলে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট (এসআরডিআই) রাজশাহীর বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম বলেন, আবাদী ভূমিগুলোতে পূর্বের চাইতে জৈব সারের উপস্থিত অনেক হ্রাস পেয়েছে। আন্তর্জাতিকভাবে আদর্শ মাটিতে ৫ শতাংশ জৈব উপাদান থাকার কথা। জেলার অঞ্চল ভেদে এক শতাংশ থেকে দুই শতাংশ জৈব পদার্থ সমৃদ্ধ মাটি এখনো রয়েছে। তবে কোন কোন স্থানে জৈব পদার্থের উপস্থিতি ১ শতাংশেরও কম আছে। কৃষকরা মাটির ধরণ বুঝে রাসায়নিক সার ব্যবহার করেনা। সারের সুষম বন্টন না হলে এবং নিয়মিত জৈব সার ব্যবহার না করার কারণে মাটির উর্বরতা হ্রাস পায়। প্রয়োজনীয় পরিমাণ গোবরের প্রাপ্যতা এখন বেশ কঠিণ একটি বিষয়; এছাড়াও কেঁচো ব্যবহারের বিষয়টিও এখন বেশ জটিল; তাই আবাদি জমিগুলোতে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে উর্বরতা। আমরা অতিশীঘ্রই এই বিষয়টি নিয়ে একটি জরিপ চালাবো।

প্রকাশিত তথ্যসূত্র থেকে জানা যায়, ২০২০ সালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) ‘ল্যান্ড ডিগ্রেডেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সমীক্ষা চালায়। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, দেশে সব ধরনের বিশেষ করে আবাদি, বনভূমি, নদী, লেক, সংরক্ষিত বনাঞ্চল, সুন্দরবন ইত্যাদি এলাকা মিলিয়ে জমির পরিমাণ এক কোটি ৪৭ লাখ ৬০ হাজার হেক্টর। এর মধ্যে জৈব পদার্থের ঘাটতি রয়েছে এক কোটি ১৬ লাখ ৪০ হাজার হেক্টর বা মোট জমির প্রায় ৭৮ দশমিক ৯০ শতাংশ।

পবা উপজেলা কৃষি অফিসের হরিপুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, উপজেলার অধিকাংশ আবাদি জমিতে জৈব পর্দাথের উপস্থিতির গড় হার ‘শূণ্য দশমিক ৫ শতাংশ মাত্র (০.৫)। তবে কোন কোন স্থানে জৈব পদার্থের উপস্থিতি এক শতাংশের বেশি আছে। মাটির উর্বরতা ক্ষমতা ও পুষ্টিগুণ অক্ষত রাখতে হলে নিয়মিতভাবে জৈব ও রাসায়নিক সারের সমন্বিত প্রয়োগ বা ব্যবহার নিয়মিত করতে হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। তিনি বলেন, চারটি উপাদান দিয়ে গঠিত হয় মাটি। এগুলো হলো অর্গানিক ম্যাটারিয়াল ৪৫ শতাংশ, পানি ২৫ শতাংশ, বাতাস ২৫ শতাংশ ও জৈব উপাদান ৫ শতাংশ। এরমধ্যে মাটির উর্বরতা বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রাখে জৈব পদার্থ।

জৈব পর্দাথের অভাবে দিন দিন হ্রাস পাচ্ছে জমির উর্বরতা ক্ষমতা। মৃত্তিকা সংশ্লিষ্ট ব্যক্তিরা যেটিকে বলছেন ‘নষ্ট হচ্ছে জমির স্বাস্থ্য’। গোবর-পচাঁ পাতা কিংবা সমজাতীয় উপাদান থেকে প্রাপ্ত জৈব সার মাটির উর্বরতা ক্ষমতা ধরে রাখে। কিন্তু বর্তমানে, চাহিদার বিপরীতে কম সময়ে অধিক ফসল উৎপাদনের প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের সারের (ইউরিয়া, টিএসপি, দস্তা সার বা জিংক সালফেট, জিপসাম ও এমপি) ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়েছে কৃষকরা। বিষয়টি ভবিষ্যতের জন্য বেশ বড়রকমের হুমকি।

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন অন্তর্গত আলীমগঞ্জ গ্রামের হাসানুল আলম, আসাদুল হক ও রেজাউল করিম সহ অন্যান্য এলাকার কৃষকরা বলেন, ফসল উৎপাদন আগের চাইতে এখন অনেক বেশি হয়। নিয়মিতভাবে ইউরিয়া ও অন্যান্য সার ব্যবহারে ধানের আবাদ বেশি হলেও মাটির উর্বরতা আগের চেয়ে অনেক কমেছে। অধিকাংশ কৃষক কম সময়ে বেশি আবাদের আশায় জমিতে সার ও কীটনাশক বেশি ব্যবহার করে। গরু-মহিষের গোবর দেবার প্রচলনটা একেবারেই কমে গেছে। অন্যদিকে, একই গ্রামের কৃষক হাসানুল আলমের দাবি; ইউরিয়া সহ অন্যান্য সার ব্যবহারের পাশাপাশি তিনি তার জমিতে নিয়মিতভাবে গোবর দেবার চেষ্টা করেন। যার কারণে, অন্যদের চাইতে তার জমিগুলোতে শস্য ও অন্যান্য শাকসবজির ফলন বেশি। নিজের বেশ কয়েকটি গরু থাকার কারণে জমিতে তিনি জৈব সার দিতে পারেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.