পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহি সিএনজির সঙ্গে গরু বোঝাই তিন চাকার করিমন মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
আজ (১১ ফেব্রুয়ারি)সকালে উপজেলার আলহাজ্বমোড়ে এই দূর্ঘটনা ঘটে।
সিএনজি যাত্রী নিহত আকমাল হোসেন (৩৭) উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া এলাকার সাবেদ আলীর ছেলে। আহতরা হলেন পাকশী রূপপুর গ্রামের মজিবুল হকের ছেলে লকিবুল হক (৪০), পৌরসভার পাতিলাখালি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী রেনু বেগম (৫০)। এরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। আহত সিএনজি চালক মো. ইসরাফিল হোসেন (৪০) উপজেলার ইলশামারি গ্রামের আবুল কাশেমের ছেলে।
সিএনজি চালক ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, ঘটনার সময় সিএনজিটি দাশুড়িয়া থেকে যাত্রী নিয়ে ঈশ্বরদী শহরের দিকে আসতে ছিল। এই সময় গরু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার করিমন গাড়িটি অরণকোলা হাটে যাচ্ছিল। পথেমধ্যে ঘটনাস্থলে সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ বাধে। এই সময় সিএনজি যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকমাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার কাবেরী জানান, পথেমধ্যেই আকমালের মৃত্যু হয়েছে। আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে। করিমন গাড়ির চালক পলাতক। করিমন গাড়িটি আটক করা হয়েছে। গরুর মালিককে গরু বুঝিয়ে দেওয়া হয়েছে।