× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোমা ফাটিয়ে টেন্ডারবাক্স ছিনতাই যুবদল নেতা ও বিএনপিকর্মী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো।

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক এক যুবদল নেতা ও একজন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহী নগরের শাহমখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার মৃত বাবু আকতারের ছেলে পপেল আকতার (৩৪) ও পবা রাইস মিলপাড়া মহল্লার মো. রাজুর ছেলে হিমেল রাজেস (২৬)।

এদের মধ্যে পপেল নগরের ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর হিমেল রাজেস বিএনপির কর্মী।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অপারেশন ডেভিল হান্টে শাহমখদুম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, পপেল আকতার একাধিক মামলার আসামি। ছিনতাই, নির্মাণাধীন ভবন থেকে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পতিত আওয়ামী সরকারের আমলে ওই দলের নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতেন পপেল।

নগর ডিবি পুলিশের পরিদর্শক ইবরাহিম খলিল জানান, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক যুবদল নেতা পপেল ও বিএনপিকর্মী হিমেল রাজেসকে। তারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.