কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে (স্বাস্থ্য বিভাগে) স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ২৩০ টাকায় চাকুরী পেলেন ১৮৩ জন। কথিত আছে যে, সরকারি চাকুরী পেতে হলে যেখানে ঘুষ বাণিজ্য হিসাবে গুণতে হয় লাখলাখ টাকা সেখানে মাত্র ২৩০ টাকায় চাকুরী পেয়ে খুশি সদ্য নিয়োগপ্রাপ্ত চাকুরী জীবিরা। মেধার ভিত্তিতে চাকুরী পাওয়ায় তাদের চোখে মুখে দেখা দিয়েছে আনন্দের ছাপ। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে এই স্বচ্ছ নিয়োগ এবং মেধার ভিত্তিতে চাকুরী পেয়েছেন বলে জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া এই চাকুরী জীবিরা।
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, ২০১৮ ইং থেকে ২০২৪ ইং সাল পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে বিভিন্ন পদে ৩৭২৪৬ জন আবেদনের প্রেক্ষিতে গত ৩ জানাুয়ারি ২০২৫ ইং তারিখে লিখিত পরীক্ষায় ১২৬৯৬ জন অংশ নেয়, তার মধ্যে ১২৭২ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে গত ৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখে ভাইভা পরীক্ষায় ১৮৩ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ হওয়া পদসমূহের মধ্যে রয়েছে পরিসংখ্যান পদে ৪ জন, কীট তত্ববিদ পদে ১জন, স্টোর কিপার পদে ৫ জন, স্বাস্থ্য সহকারী ১৫৩ জন, অফিস সহকারী পদে ১৪জন, গাড়ী চালক পদে ৪জন।
নিয়োগে অনিয়ম দুর্নীতির ব্যাপারে স্বাস্থ্য সহকারী পদে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রিতি রায় দ্বিতু এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়োগ পেতে আমাদের কোন অনৈতিক পথ অবলম্বন করতে হয়নি। কারণ আমার বাবা মারা গেছেন ছয় মাস হলো। আমার বাবা আগে সদর হাসপাতালে চাকরী করতো। আমার বাবার পেনশনের টাকায় আমাদের সংসার চলে। এখানে অতিরিক্ত টাকা দিয়ে চাকুরী নেওয়ার মতো আমাদের সমার্থ নেই। আমরা বিনা ঘুষে চাকুরী পেয়ে খুব খুশী।
সদ্য নিয়োগপ্রাপ্ত মো: আলম মিয়া বলেন, আমি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পেয়েছি। আমার এই নিয়োগ পেতে শুধু আবেদনের টাকা খরচ হয়েছে। আমার পরিবার খুবই গরীব। একমাত্র কিছু জমি আছে যা দিয়ে আমাদের সংসার চলে। চাকুরী পেয়ে আমি ও আমার পরিবার খুব খুশি।
কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: মো: সাইফুল ইসলাম জানান, এবার মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ১৮৩ জন বিভিন্ন পদে চাকুরী পেয়েছেন। পরবর্তীতেও যারা চাকরিতে আসবে তারা মেধার মাধ্যমেই আসবে। অনেক দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক পরীক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। সেই সাথে দালালদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান সিভিল সার্জন।