× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের যে শত্রু তাকে দিল্লীতে রাজার হালে বসায় রাখছে: মির্জা ফখরুল

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেরা।

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের যে শত্রু তাকে দিল্লীতে রাজার হালে বসায় রাখছে। আর ওখান থেকে তিনি হুকুমজারি করে। এসময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ আছে নাকি এখনও, পালাইছে। আজকের এই সংগ্রাম আামাদের বাঁচা মরার লড়াই।

এসময় অন্তবর্তিকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরপেক্ষতার কথা বলেন। তাহলে আপনারা ভারতের কাছে থেকে ন্যায্য পানির হিস্যা চান। 

আজ (১৭ ফেব্রুয়ারী) বিকেলে  তিস্তার পানি বণ্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্যে করে বলেন, বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি দিতে হবে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করতে হবে। সেই সাথে আমাদের সাথে বড় দাদার আচরণ বন্ধ করতে হবে। আমাদের পাওনা বুঝিয়ে দেন। আমরা নিজ পায়ে দাঁড়াতে চাই। আমাদের বন্ধুত্ব হবে সম্মানের সাথে। তাহলে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব হবে। 

তিনি আরো বলেন, আমরা সবসময় তিস্তার পানির কথা বলেছি। পাকিস্তান আমলে পাকিস্তান বলেছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসলো, সবাই ভাবলো, ভারতের বন্ধু যখন ক্ষমতায় এসেছে, পানি এবার পাওয়া যাবে। কিন্ত উল্টাটা, বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয়, ৫৪ টা নদী আছে, সবগুলো নদীর উজানে ভারত বাধ দিয়েছে। ভারত তিস্তা নদীতে বাধ দিয়ে আমাদের পানি নিয়ে যান, বিদ্যুৎ উৎপাদন করে। আর আমাদের দেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না, জেলেরা মাছ ধরতে পারে না। প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছেন তারা। 

অন্তবর্তিকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অনেকেই বলছেন, আমরা ভোট ভোট করছি। ভোট ভোট করার কারন হচ্ছে নেতা নির্বাচন। কেননা নির্বাচিত নেতার মাধ্যমে দেশের উন্নয়ন করা। তাছাড়া নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে। আর অশান্তি হবে না। স্থিতিশীলতা আসবে। তাই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা দেন। 

এর আগে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন' কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মহানগর বিএনপির আহবায়ক ও আন্দোলনের সমন্বয়কারী সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য: তিস্তার পানি বণ্টন এবং তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত দুই দিনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির আয়োজন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন' কমিটির ব্যনারে। এই কর্মসূচী সরাসরি বিএনপির দলীয় কর্মসূচী না হলেও বিএনপি দলীয়ভাবে সমর্থন দিয়ে কর্মসূচীতে অংশ নিয়েছেন। লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে ‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ এই স্লোগান কর্মসূচী পালিত হচ্ছে। সেই সাথে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে ২৩০ কিলোমিটারজুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন' কমিটি। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকগণ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.