× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরসহ সারা দে‌শে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের গ্রেপ্তারের দা‌বি‌

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫ পিএম । আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরসহ সারা দেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ ফেব্রুয়া‌রি) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মহানগর মহিলা ফোরাম।

 
সমাবেশে সংগঠক মৌসুমি আক্তার মৌয়ের সঞ্চালনা ও রিনা মুরমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, সংগঠক হীরামনি, অনামিকা ছাত্রফ্রন্ট নগরের সাধারণ সম্পাদক উত্তম কুমার প্রমূখ।
 
বক্তরা বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এই গণঅভ্যুত্থানে নারীদের বীরোচিত ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় নারীরা সমস্ত অচলায়তন ভেঙে রাজপথে বের হয়ে আসে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গসহ সকল ধরনের বৈষম্য থেকে মুক্তির স্বপ্নে শ্রমিক, ছাত্র, নারী, জনতা সকলে গণঅভ্যুত্থানে শামিল হয়েছিল। কিন্তু গণঅভ্যুথানের পর নারীকে আর সেভাবে মূল্যায়ন করা হলো না।বরং আগের যে কাোন সময়ের তুলনায় অভ্যুত্থানের পরেই কক্সবাজারের সমুদ্র সৈকতে একজন নারীকে পুলিশের উপস্থিতিতে ‘এক দল যুবক’ হেনস্থা করল, তার পোশাক ও স্বাধীন চলাফেরাকে প্রশ্নবিদ্ধ করে। কখনো ধর্মীয় মৌলবাদীদের দ্বারা কখনো বা ‘তৌহিদী জনতার’ উচ্ছৃঙ্খল স্রোত দ্বারা। এসব ঘটনার সাথে জড়িত কাউকেই কোন শাস্তির আওতায় আনা হলো না। তাহলে কি নিরবতার মাধ্যমে রাষ্ট্র ও সরকার এ সকল অপতৎপরতাকে প্রশ্রয় দিচ্ছে? নারীকে নির্যাতন, নিপীড়ন, হেনস্থা, ধর্ষণ এমনকি হত্যা করেও পার পেয়ে যাওয়া যায়। এটাতো আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমল অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ঐসবের পুনরাবৃত্তি দেখেছি, এটা খুবই দুঃখজনক।
 
নেতৃবৃন্দ আরও বলেন, জয়পুরহাট, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন স্থানে নারীদের ফুটবল খেলায় বাধা, নারী রিপোর্টারকে ধর্ম উপদেষ্টার মিটিং এ প্রবেশে বাধা দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া ও কুমিল্লায় নবাব ফয়জুন্নেসার ছবিতে কালি লেপন, নারীদের যত্র-তত্র হেনস্থা করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আলটিমেটাম দেওয়াসহ নানা রকম নারী বিদ্বেষী কর্মকান্ড চালাচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকার এসব বন্ধে এবং দায়ীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে ভীষণভাবে উদাসীন। নারী মুক্তি আন্দোলনের পথিকৃত মহীয়সী নারী বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ আজ সারা বিশ্বে সমাদৃত। স্প্যানিশ সিনেমা নির্মিত হয়েছে। বেগম রোকেয়ার জীবন সংগ্রাম, কর্ম ও লেখনী নিয়ে বিশ্বে গবেষণা হচ্ছে। যেখানে সারা বিশ্বব্যাপী বেগম রোকেয়াকে সম্মান জানানো হচ্ছে। সেখানে তারই জন্মভূমিতে তার ছবিতে কালি লেপন ও তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি ভীষণভাবে উদ্দেশ্য প্রণোদিত।

সম্প্রতি রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণ, ২১ ফেব্রুয়ারি ভোরে রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক গৃহবধূকে ট্রলারে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পদ্মার চরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। সারাদেশে প্রতিদিন নারীরা ধর্ষণ-নিপীড়নের ঘটনা বেড়েই চলছে। নেতৃবৃন্দ, রংপুরসহ সারাদেশে সংগঠিত অপরাধের সাথে যুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.