মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাসখ্যাত পবিত্র রামাদ্বান। রহমত,মাগফিরাত ও নাযাতের এই মাসে সারাদিন পানাহারমুক্ত থেকে ইফতারের সময়টাতে যার যত সাধ্য অনুযায়ী ইফতার প্রস্তুত করে থাকেন। আর এই ইফতারের প্রধান এক অনুষঙ্গ হলো খেঁজুর। কথিত আছে সারাদিন রোজা শেষে আযান শোনার সাথে সাথে রোজাদারগণ প্রথমে এক টুকরো খেঁজুর সাথে তরল শরবত মুখে নিয়ে রোজা ভাঙ্গেন।
চলতি বছরের রোজামাসে জৈন্তাপুরে ইফতারের এই প্রধান দুইটি উপকরণ খেঁজুরের বাজারে স্বস্তি থাকলেও হঠাৎ সেঞ্চুরি পার করেছে লেবুর বাজার।
সরজমিন উপজেলার ব্যস্ততম স্টেশন বাজার এলাকায় গিয়ে দেখা যায় ইতিমধ্য ভোগ্যপন্যের দোকান গুলোর সামনের সারীতে খেঁজুরে পসরা সাজিয়ে বসা হয়েছে। হাতে প্যাকেট করা খেঁজুরের পাশাপাশি রয়েছে আরব দেশ থেকে সরাসরি আমদানি করা বাহারী প্রজাতীর খেঁজুর।
স্হানীয় ব্যবসায়ী জৈন্তা ফল ভান্ডারের সত্ত্বাধিকারী সাঈফ উদ্দিন জানান, গতবারের তুলনায় খোলা খেঁজুর কেজী প্রতি ১০০ টাকার মত কম। এ বছর তিনি বস্তার জাত খেঁজুর কেজী প্রতি ১৬০-১৭০ কেজী দরে বিক্রি করছেন। পাশাপাশি জিহাদী ২৫০ টাকা,এরাবিয়ান ডেট -৪০০ টাকা। এ ছাড়াও সুক্কারি ১০০০ টাকা কেজিপ্রতি বিক্রি করছে। মাঝামাঝি দামের খুরমা পাওয়া যাচ্ছে ৩৫০ -৪০০ টাকা। তিনি জানান এ সমস্ত পন্য সিলেট নগরীর কদমতলী থেকে সংগ্রহ করেন এবং প্রতিটি পন্যের ক্রয়মূল্যের রিসিট তারা সংগ্রহে রাখেন।
মাশাল্লাহ ফল ভান্ডারের সত্ত্বাধিকারী শরীফ উদ্দিন খোকন জানান, চলতি বছর রামাদ্বানে খেঁজুরের সরবরাহ সন্তোষজনক। দামেও গত বছরের তুলনায় কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা করে কম বলে জানান তিনি। তিনি বলেন, প্রতি কেজী বস্তার খেঁজুর ১৫০-১৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। এছাড়াও জিহাদী ২৫০-৩০০, সারী ৩০০-৩২০,নাগাল ৪০০-৪৫০, দাপাশ ৫০০-৫৫০,ফারিদা ৬০০-৬৫০ কেজিদরে বিক্রি করছেন। এ ছাড়াও প্রতি কেজি মারিয়াম ১৪০০ টাকা ও আজওয়া ১৪০০ থেকে প্রকার ভেদে আরো ২০০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
এদিকে খেঁজুরের বাজারে স্বস্তি থাকলেও লেবুর বাজারে লেগেছে অস্বস্তি। বর্তমানে রোজার একদিন হাতে থাকলেও লেবুর কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে জৈন্তাপুরের বাজারগুলোতে। শনিবার উপজেলার ডেইলি কাঁচাবাজারে গিয়ে হাতে গোনা কয়েকটি দোকানে লেবু প্রতি হালি ১২০ টাকা একদরে বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি শশার বাজার গত এক সপ্তাহে বেড়ে ৬০ টাকা কেজি হলেও বেগুন, আলু,টমেটো সহ অন্যান্য সবজী পূর্বের দামে বিক্রি হতে দেখা যায়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে রবিবার ১লা রমজান দুপুর ১২:০০ ঘটিকায় উপজেলাধীন ব্যবসায়ীবৃন্দের সাথে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।