× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের ষড়যন্ত্রের শিকার সাংবাদিক মাহমুদ

কুষ্টিয়ায় পেশাগত দ্বন্দ্বে ১৮ সাংবাদিকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৫, ১৮:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ায় পেশাগত দ্বন্দ্বে মূলধারার ১৮ সাংবাদিকের নামে হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। ৫ আগস্টে দেশে পট পরিবর্তনের সাথে সাথে কুষ্টিয়ায় বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কতিপয় কথিত সাংবাদিক রাতারাতি ভোল পাল্টে প্রেসক্লাব,  সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে, সংবাদপত্র অফিসে, ছাপাখানায় অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ঠিকাদারী, হাট-ঘাট, বালিমহল, বাণিজ্য মেলা ইজারা, অস্ত্র ও সারের লাইসেন্স, সরকারী ডিলারশীপ, একাধিক পত্রিকার ডিক্লেয়ারেশন, খাস জমি বরাদ্দ, কুষ্টিয়া সুগার মিলের শত শত বিঘা জমি বরাদ্দ সহ সরকারের নানা সুযোগ সুবিধা বাগিয়ে নেওয়া সাংবাদিকরা আওয়ামী লীগ সরকারের আমলের মতই মূলধারার পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠেছে । 

একটি কু চক্র মহলের ঘাড়ে ভর করে এই তাণ্ডব চালাই তারা।

এসময় ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীদের নামে হত্যা মামলার হুমকি দিয়ে মামলা বাণিজ্য করে। যারা তাদের চাহিদা মোতাবেক  চাঁদা দিতে পারেনি কেবল তারাই আসামী হয়েছে। কুষ্টিয়া মডেল থানা ভস্মীভূত ও পুলিশের ভঙ্গুর অবস্থার সুযোগ নিয়ে,  পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার হুমকি দিয়ে এই মামলার অবতারণা ঘটায় ।

নিহত পরিবারের বাড়িতে গিয়ে মানসিক বিপর্যের সুযোগ নিয়ে মূল আাসামীদের আড়াল করতে সাংবাদিকসহ নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে  ষড়যন্ত্রমূলক মামলা করে। এরমধ্যে ১৮ সাংবাদিকসহ বিভিন্ন বিভিন্ন পেশাজীবীদের আাসামী করা হয়।

এর মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ৬টি মামলা করে। সাধারণ সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে ২টি হত্যা মামলা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের বিরুদ্ধে ৩টি, বিএফইউজে'র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ এর বিরুদ্ধে ২টি মামলা করা হয়। প্রেসক্লাবের সহ সভাপতি শেখ হাসান বেলাল, মিলন উল্লাহ, জাহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সারের  বিরুদ্ধে ৪টি করে হত্যাচেষ্টা মামলা করে। সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, ধর্মীয় সম্পাদক সাঈফ উদ্দীন আল আজাদ, নির্বাহী সদস্য কেএম শাহীন রেজা সহ  প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির ১৮ সাংবাদিককে আসামী করা হয়েছে।  এই মামলায় গত ২ এপ্রিল মাহমুদ হাসানকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের মহাপরিদর্শক বারবার গণমাধ্যমকে বলেছেন নিরাপরাধ কোন ব্যক্তিকে গ্রেফতার করা হবে না। তাদের হয়রানী করা হবে না। অথচ সাংবাদিক মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। জেলার মূলধারার পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে সেই মামলার কাগজ নিয়ে ঢাকায় বিভিন্ন গণমাধ্যম অফিসে এসে  তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে। 

এই চক্রটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মাহবুব উল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান  আতা, শীর্ষ সন্ত্রাসী ও টেন্ডারবাজ কামারুল আরেফিনের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকরা কোন দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করলে এই চক্রটি তখন ঐ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছাপানোর ঠিকা নিতো। শুধু তাই নয় যে সাংবাদিক এই সংবাদ প্রকাশ করতো তার নামে চাঁদাবাজি মামলা ও হামলা করাতো এই অসাধু চক্রটি। বর্তমানেও সেই চক্রটি সরকার ও প্রশাসনের সাথে পেশাদার সাংবাদিকদের দুরত্ব তৈরীর অশুভ চক্রান্তে একের পর এক মিথ্যা মামলা করিয়েছে। 

তথ্য অনুসন্ধানে ভয়ংকর কিছু তথ্য বেরিয়ে আসে একটি হত্যা মামলার বাদী লুকমান হোসেন গণমাধ্যমকে বলেন, আমার সন্তান গুলিতে মারা গেছে। তখন আমার মানসিক অবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। এমন সময় কে বা কারা এসে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে যায়। এখন দেখি যার গুলিতে আমার ছেলে খুন হলো তার নাম মামলায় নেই। যাদের নাম আছে তারা জড়িত নয়। এমনকি আমার ছেলে হত্যা মামলায় আমার জামাইকেও আসামী করা হয়েছে। একই কথা বলেন, আরেক হত্যা মামলার বাদি সীমা। তিনি বলেন, যাদের আসামী করা হয়েছে এদের আমি চিনিও না, জানিও না। আমি যখন মানসিক অবস্থা হারিয়ে কাঁদতে কাঁদতে পাগলের মত তখন কারা যেন আমার স্বাক্ষর নিয়ে তাদের বিপক্ষের লোকজনকে আসামী করেছে। মামলা নিয়ে তারা ব্যবসাও করেছে। টাকার বিনিময়ে  মুল আসামীদের নাম দেয়নি। আরেক মামলার বাদী ফারজানা আদালতে দাঁড়িয়ে বলেন, আমার ছেলে সুস্থ এবং স্বাভাবিক।  সকল কাজকর্ম করে বেড়াচ্ছে।  অথচ আমার স্বাক্ষর এনে একটি চক্র মিথ্যা মামলা করিয়েছে। 

যার সাথে বাস্তবতার মিল নেই। আরেক মামলার পরিবারের সদস্যরা বলেন, মাদক ব্যবসার জন্য আমার ছেলে ক্রসফায়ারে নিহত হয়। এখন দেখি কে যেন বাদী হয়ে  হত্যা মামলা করেছে।  আমরা তাকে দেখিওনি, চিনিওনা। আমরা পরিবারের লোক থাকতে আমাদের না জানিয়ে, না বলে হত্যা মামলা করলো, এটা আবার কেমন কথা।

কুষ্টিয়াতে শীর্ষ সন্ত্রাসী ও টেন্ডারবাজ ফ্যাসিস্ট সরকারের মূর্তিমান আতংক কামারল আরেফিনের নামে কোন মামলা নেই। হাট ঘাট, বালুমহল, টেন্ডারবাজ, লুটপাটকারীদের নামে যাতে মামলা না হয় সুবিধাভোগী কথিত সাংবাদিকরা তাদের বিষয়টি রীতিমতো থানায় বসে পাহারা দিয়েছে।  কেউ মামলা করতে গেলে তাদের উল্টো হত্যা মামলার আসামী করা হয়েছে।

পেশাদার সাংবাদিকরা যাতে ফ্যাসিস্ট সরকারের লুটপাটকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে না পারে সেই লক্ষ্যে তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করেছে। পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছে গ্রেফতারের জন্য। অন্যথায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিউজের হুমকি দিচ্ছে। এরই অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়।  এই গ্রেফতারে দেশব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  অবিলম্বে সাংবাদিক মাহমুদ হাসানের মুক্তির দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ । 

নিরপেক্ষ তদন্ত  দাবী করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।  বিশেষ করে ঘটনাস্থলের সিসি ফুটেজ, ময়নাতদন্ত রিপোর্ট,  ১৮ সাংবাদিকের ঐ সময়ের মোবাইল লোকেশন, ঐদিনের গোয়েন্দা ও গণমাধ্যমের রিপোর্ট সহ ভুক্তভোগী সাংবাদিকদের কর্মরত মিডিয়ায় প্রকাশিত সংবাদ দেখলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী করেন। 

এ বিষয়ে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের গ্রেফতারের কথা জেনেছি।  ইতিমধ্যে ডিইউজে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বিএফইউজে'র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,  সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো  আমরা তদন্ত করে দেখছি। কুষ্টিয়ায় কোন সাংবাদিক হয়রানী হচ্ছে না। আমরা সাংবাদিকসহ কোন নিরাপরাধ লোককে হয়রানি করছি না। তদন্তের আগে কোন নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হবে না। সাংবাদিকদের কোন মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়নি। সাংবাদিক মাহমুদ হাসানকে আমার দেশ পত্রিকার  সম্পাদক মাহমুদুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.