শেরপুরের ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের পাঁচজন আহত হয়েছেন।
ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলী। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় আনন্দ আহাম্মেদ, সাবেক ইউপি সদস্য আসাদ আলী, ইনছান আলীসহ বেশ কয়েকজন জুয়ার আসরের আয়োজন করেছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। এ সময় স্থানীয় ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।
ঝিনাইগাতী থানার ওসি আল আমিন জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও অবৈধ জুয়ার আসর বসানোর ফলে ২টি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকায় সাজেদুল ইসলাম (২৩) নামে একজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, অবৈধ কোন কার্যকলাপের সাথে পুলিশের আপোষ নেই। পুলিশের উপর যাহারা হামলা করেছে তা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।