× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের দ্বিতীয় বৃহত্তম ইপিজেড পটুয়াখালীতে

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

০৬ এপ্রিল ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের দক্ষিণাঞ্চলে ইপিজেড স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আহরণ, রফতানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে পটুয়াখালীতে কাজ চলছে ইপিজেড নির্মাণের।

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতে পটুয়াখালী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডে বিনিয়োগকারীদের প্লট বরাদ্দ দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন ইপিজেড কর্তৃপক্ষ। আর এ ইপিজেডকে বিনিয়োগবান্ধব করতে সড়ক উন্নয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পটুয়াখালী ইপিজেড প্রকল্প পরিচালক (পিডি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ২০২৩ সালের ২৯ আগস্ট অনুমোদিত ‘পটুয়াখালী ইপিজেড ’প্রকল্পটি ১ হাজার ৪৪৩ কোটি টাকা ব্যয়ে ৩০৬টি শিল্প প্লট নিয়ে স্থাপিত হবে। এ ইপিজেড নির্মাণ প্রকল্পে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১০৫ কোটি এবং বাকি ৩৩৮ কোটি টাকা বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র তহবিল থেকে খরচ করা হবে।

৪১০ দশমিক ৭৮ একর জমির ওপর পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে হচ্ছে এ ইপিজেড। এছাড়াও, একই প্রকল্পের আওতায় কুয়াকাটায় ৭ দশমিক ২৩ একর জমির ওপর স্থাপতি হচ্ছে ইনভেস্টরস ক্লাব।

প্রকল্পের আওতায় ৩ লাখ ১৫ হাজার বর্গমিটার রাস্তা, প্রায় ৩০ হাজার মিটার ড্রেন নির্মাণের পাশাপাশি ৪টি ৬ তলা কারখানা ভবন, ৩টি ১০ তলা বিশিষ্ট অফিস ভবন, ৪টি ৬ তলা ও ৩টি ১০ তলা বিশিষ্ট আবাসিক ভবন, একটি করে জোন অফিস, কাস্টমস অফিস ও সিকিউরিটি অফিস একটি হেলিপ্যাড ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য ১৫৪ টি পুর্নবাসন ঘর নির্মাণ করা হবে।
এছাড়াও বিদ্যুৎ সরবরাহের জন্য ১৪টি ১১/০.৪১৫ কেভি সাবস্টেশন, ১৫ কিলোমিটার ১১ কেভি এইচটি লাইন ও একটি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ করা হবে। এসব অবকাঠামোর মধ্যে বেশকিছু অবকাঠামো নির্মাণের জন্য ইতোমধ্যেই ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি আরো জানান, প্রকল্পের ১০৯টি প্যাকেজের মধ্যে ২০টি কাজ সম্পন্ন হয়েছে, ৩০টি প্যাকেজের কাজ টেন্ডারসহ ওয়ার্ক অর্ডার কাজ প্রক্রিয়াধীন। বাকী ৫৯টি প্যাকেজর মধ্যে ১৫ থেকে ২০টির কাজ আগামী ২ মাসের মধ্যে শুরু করবো। ১৫৪টি পরিবারকে তাদের পুর্নবাসনের জন্য ১১.৩৪ একর জমিতে কাজ চলছে। তাদের জন্য পুকুর, ৪ তলা স্কুল, ১৮০ জনের নামাজের জন্য মসজিদ, খেলার মাঠ, কবরস্থান, ফসলি জমিতে উৎপাদিত ফসল শুকানো সহ সবধরনের সুবিধা থাকবে। প্রতিটি পরিবারের জন্য ৬১৫ স্কোয়ার ফিট জমির উপর বাড়ী থাকবে, প্রতিটি বাড়ীর মধ্যে খোলামেলা রাখার জন্য ১২ ফুট জায়গা খালি থাকবে, যাতে তারা শাকসবজি সহ ফল-ফলাদি ফলাতে পারেন। 

সেন্ট্রাল মসজিদ, আধুনিকমানের হাসপাতাল, হেলিপ্যাড, ১০ তলা করে ইনভেস্টর রেসিডেন্সসহ বেপজার নিজস্ব স্কুল ও কলেজ করা হবে। কুয়াকাটায় ৭.২৩ একর জমি রয়েছে, সেখানে আধুনিকমানের ইনভেস্টরস ক্লাব সহ ৫ স্টার মানের আধুনিক রেস্ট হাউজ তৈরি করা হবে।

ইতোমধ্যে ৪১০ একর জমির অধিকাংশ জমিরই বালুভরাট করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে ইপিজেড স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আহরন রফতানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষে এ প্রকল্পের মাধ্যমে ১ লাখ লোকের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সাথে সাথে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এখানে বিনিয়োগ হবে ১৫৩০ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরে প্রায় ১৮৩৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য এক্সপোর্ট হবে। প্রকল্পের বাস্তবায়ন কাল ১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

বর্তমানে বাংলাদেশে ৮টি ইপিজেড আছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, মোংলা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, উত্তরা ইপিজেড, আদমজী ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড।

ইপিজেড এ প্লট নিয়ে ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ব্যবসা করতে উৎসাহী পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী নাজমুস সায়াদাত জানান, এটা আমাদের জন্য একটি বড় সুযোগ, ইপিজেড তৈরি হলে ব্যবসায়ীদের অনেক বাড়তি সুবিধা পাওয়া যাবে। পণ্য বিদেশে রফতানির করে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি আমাদের এলাকার বেকার সমস্যা সমাধানে একটি বড় ভূমিকা রাখবে এই ইপিজেড।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, বেপজার অধিগ্রহণের চেক হস্তান্তর দেওয়ানী মামলার জটিলতার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, এখন প্রতিদিন ১০ থেকে ১৫টি চেক হস্তান্তর হচ্ছে। ইতোমধ্যে ৫০ ভাগ চেক হস্তান্তর হয়ে গেছে। এ প্রকল্পটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পটুয়াখালীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনসহ জনজীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এক লাখ লোকের কর্মসংস্থানের পথ খুলে যাবে যার মাধ্যমে বেকার সমস্যার সমাধানসহ এলাকার কয়েকলাখ লোকের পরিবারে আয়ের পথ সহজ হবে।

বেপজার সদস্য (অর্থ) যুগ্ম সচিব আ ন মফয়জুল হক জুরিখ বলেন, পায়রা পোর্টের উপর ভিক্তি করে ইপিজেড তৈরি হয়নি। পটুয়াখালী ইপিজেড চালু হলে লক্ষাধিক লোকের চলাচলের জন্য বর্তমানের মহাসড়কের উপর চাপ বাড়বে। এ ক্ষেত্রে যত দ্রুত কুয়াকাটা পর্যন্ত ফোরলেন চালু করা যায়, তত ভোগান্তী কম হবে। ইপিজেড চালু করার আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুর্নবাসনের কাজটি উপর গুরুত্ব দেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

গত ৩০ জানুয়ারি পটুয়াখালী সার্কিট হাউজে পটুয়াখালী ইপিজেড কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময়কালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, পটুয়াখালী ইপিজেডের জমি অধিগ্রহণ করা হয়েছে বেপজার নিজস্ব অর্থায়নে। কিন্তু আনুষাঙ্গিক অন্যান্য উন্নয়ন সরকারের লোনের টাকায় করা হচ্ছে পরে সরকারকে টাকা পরিশোধ করা হবে। উন্নয়নের কাজ চলছে প্রজেক্টের কাজ যখন শেষের দিকে আসবে আমরা তখন বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাবো।

নদ-নদী কৃষি নির্ভর পটুয়াখালী জেলাকে শিল্পবিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে নিতে আমরা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা খাল এবং পানির উৎস জলাধার গুলিকে সচল রেখেই সবুজ রক্ষাকে গুরুত্ব দিয়ে কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের প্রকল্পের মধ্যে খাল, পুকুরগুলো চালু রেখে সব কাজ চলছে এজন্য ২৩টি কালভার্ট তৈরি করা হবে। পটুয়াখালী ইপিজেডের ৪০০ একর জায়গার সবুজ থাকবে অনেক, এখানকার ইপিজেডেএ ৫৫ ভাগ জায়গায় বিভিন্ন স্থাপনাসহ প্রয়োজনীয় খালি জায়গা থাকবে পাশাপশি মাত্র ৪৫ ভাগ জায়গায় ফ্যাক্টরী স্থাপন হবে।

ইকোনমির পাশাপশি জেলার সবুজের সাথে প্রকৃতি কিভাবে রক্ষা করা যাবে এটাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয়দের সহায়তা নিয়ে এই কাজটি করতে আমরা বদ্ধপরিকর। পটুয়াখালী ইপিজেডের ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল করতে ভোলায় পাওয়া গ্যাস পটুয়াখালীতে আনা, রেলওয়ে লাইন সহ ৪ লেন সড়ক নিয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে। এই ইপিজেডে শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারীরা নয় দেশী বিনিয়োগকারীদরে সুবিধা দেয়া হবে।

সম্প্রতি পটুয়াখালীর ইপিজেড পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতে পটুয়াখালী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডে বিনিয়োগকারীদের প্লট বরাদ্দ দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন ইপিজেড কর্তৃপক্ষ। আর এ ইপিজেডকে বিনিয়োগবান্ধব করতে সড়ক উন্নয়নসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.