ফ্যাসিবাদী দল হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে করনীয় ঠিক করতে শনিবার রাতে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক যখন চলছিল তখন ঢাকার খবরের অপেক্ষায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আন্দোলনরত ছাত্র-জনতা একরকম পিনপতন নিরবতা পালন করছিল। মাঝেমধ্যে খন্ড খন্ড মিছিল জমায়েতস্থলে এসে মিলিত হচ্ছিল।
রাত যখন ১২টা ঠিক তখন দেশের গণমাধ্যমে খবর প্রকাশ হয় সাময়িকভাবে আওয়ামীলীগ নিষিদ্ধের খবর। এর পর রাতের নিস্তব্ধ নিরবতা ভেঙ্গে শুরু হয় ছাত্র-জনতার মুর্হুমুহু শ্লোগান। এর আগে গত দুদিন যাবত ঢাকার সাথে সংহতি রেখে মৌলভীবাজার জেলা সদর সহ পুরো জেলাজুড়ে রাতদিন সমানতালে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা।
শনিবার (১০ মে) রাত ১২টার দিকে সাময়িকভাবে আওয়ামীলীগ নিষিদ্ধের খবর পৌঁছামাত্র শহরের প্রেসক্লাব চত্বরে আনন্দ মিছিলের প্রস্তুতি শুরু করেন সমবেত ছাত্র-জনতা।
সেখানে অংশ নেন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, খেলাফত মজলিস,ছাত্র মজলিস, হেফাজত, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা।
রাত সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের চৌমুহনা প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাব চত্বরে এসে মিলিত হয়। এসময় ইনকিলাব ইনকিলাব,জিন্দাবাদ জিন্দাবাদ, দিয়েছি তো রক্ত,আরো দেবো রক্ত,গড়িমসি বন্ধ কর,আওয়ামীলীগ নিষিদ্ধ কর,একটা একটা লীগ ধর,ধইরা ধইরা জেলে ভর শ্লোগান দিতে দিতে রাজপথ প্রকম্পিত করে তোলেন ছাত্র-জনতা।
এ দিকে রোববার রাত ১টার দিকে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের আনন্দে প্রেসক্লাব চত্বরে ছাত্র-জনতার আয়োজনে জিয়াফতের আয়োজন করা হয়।