কক্সবাজারের চকরিয়ার আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে পাতানো নির্বাচন আয়োজন করার অভিযোগ পাওয়া গেছে।
গভর্নিং বডির নির্বাচনে নিজের পছন্দের লোকজন ব্যতীত মনোনয়নপত্র না দেওয়া, মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলের তারিখ পার হওয়ার পর নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তা ছাড়া ভোটার তালিকা প্রকাশ না করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষকেরা। মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ১৯৬৪সালে প্রতিষ্ঠিত চকরিয়ার আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির মেয়াদ প্রায় ছয় মাস আগে শেষ হয়েছে। অ্যাডহক কমিটির দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। কমিটির মেয়াদ থাকাকালীন গভর্নিং বডির নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেন অ্যাডহক কমিটি। নিজের পছন্দের লোককে কমিটিতে আনতে গোপন বৈঠক করেন অধ্যক্ষ মুহাম্মদ এনামুল হক।
গত ২৭ এপ্রিল গোপনে অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে তাঁর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করেন। কিন্ত বিজ্ঞপ্তিটি গোপন করে রাখেন অধ্যক্ষ। নিজের পছন্দের লোককে গভর্নিং বডিতে বসাতে কাউকে মনোনয়নপত্র সরবরাহ করেননি। গত ৮ মে নির্বাচনের মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলের সময় শেষ হওয়ার পর ১০ মে নোটিশ বোর্ডে নির্বাচনের তফসিলের বিজ্ঞপ্তি সাঁটানো হয়।
এ খবর মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে গত শনিবার মাদ্রাসায় লোকজন জড়ো হতে থাকে। এরপর কৌশলে অধ্যক্ষ এনামুল হক মাদ্রাসা থেকে চলে যায়। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, কোনো ধরণের প্রচার-প্রচারণা না করে গোপনে পছন্দের লোকদের মনোনয়নপত্র বিক্রি করেছেন অধ্যক্ষ। শুধু তাঁর পছন্দের ব্যক্তি ছাড়া কেউ ফরম কিনতে ও জমা দিতে পারেনি। তাঁর পছন্দের লোককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
মাদ্রাসার শিক্ষক ছাবের আহমদ ফারুকী, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ নুরশেদুল ইসলাম বলেন, ২৭এপ্রিল তফসিল ঘোষণা করা হলেও আমরা জানতে পারি ১০মে। ওইদিন মনোনয়ন পত্র সংগ্রহের শেষ তারিখ ছিল। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ ছিল ৮মে। গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অধ্যক্ষের পছন্দের প্রার্থী ছাড়া কেউ ফরম নিতে পারেনি। অধ্যক্ষ এনামুল হক যোগদানের পর মাদ্রাসা শিক্ষকদের মধ্যে গ্রুপের সৃষ্টি করেছে। এতে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আমরা এই অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও পদত্যাগ দাবি জানাচ্ছি।
মাদ্রাসাটির সাবেক অভিভাবক প্রতিনিধি ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, ‘গতকাল শনিবার সকাল ১০টায় মাদ্রাসা থেকে খবর পাই, গভর্নিং বডির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু মাদ্রাসা নোটিশ বোর্ডে দেখা যায়, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় শেষ হওয়ার পর তফসিলের নোটিশ প্রচার করা হয়েছে। বিষয়টি কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইটিসি) জানিয়েছি। তিনি বলেছেন, তিনি এতে অবগত নন। আমি এডিসি শিক্ষার কাছে আবেদন করেছি, ভোটার তালিকা করে ও সবার অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের হোক। মূলত পরিকল্পিতভাবে অধ্যক্ষ নির্বাচনী তফসিল গোপন রেখে পছন্দের লোককে বসাতে এই কর্মকাণ্ড চালাচ্ছেন।
আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ এনামুল হক বলেন, ‘অভিভাবক পদে ৪জন ফরম কিনেছে, জমাও দিয়েছেন। যথা নিয়ম প্রচারণা চালিয়ে ফরম বিক্রি করা হয়েছে।’ মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের তারিখ পার হওয়ার পর কেন নোটিশ বোডে বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ আরও বলেন, ‘আমার বিরুদ্ধে থাকা একটি শিক্ষক গ্রুপ এমন অপপ্রচার করছেন। নিয়ম মেনে সব করেছি।’
জানতে চাইলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘নীতিমালা মেনে নির্বাচনী তফসিল ও অন্যান্য কার্যক্রম চালাতে হবে। এসব অভিযোগের বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল রহমান বলেন, ‘সকালে লক্ষ্যারচরের সাবেক চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ সংক্রান্ত বিষয়ে মাদ্রাসাটির সভাপতি এডিসি শিক্ষা স্যারের সঙ্গে কথা হয়েছে।’
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, 'বিষয়টি শুনেছি। লিখিতভাবে অভিভাবকরা অভিযোগ দিলে, তদন্তে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।'