× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা শিক্ষার্থীর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

১১ মে ২০২৫, ১৮:১৬ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার হতাশা থেকে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন শাহরিয়ার অন্নব রিউশা (১৭) নামের এক মেধাবী শিক্ষার্থী। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামে রবিবার সকালে তার পোড়া মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।  নিহত রিউশা সিংদাহ গ্রামের সোহেল রানার ছেলে। তিনি ২০২৩ সালে কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার আশায় ঢাকায় খালার বাড়িতে অবস্থান করে ঢাকা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হন। অত্যন্ত মেধাবী, ভদ্র ও বিনয়ী হিসেবে এলাকায় পরিচিত রিউশার স্বপ্ন ছিল দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা।

রিউশা প্রথমে ঢাকা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেন। এরপর পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তবে কোথাও চান্স না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে রিউশা হতাশ হয়ে পড়েছিলেন। গত শুক্রবার ঢাকা থেকে নিজ গ্রামে ফেরেন তিনি। স্বজনদের সাথে স্বাভাবিক আচরণ করলেও ভেতরে গভীর বিষণ্ণতা ছিল তার। শনিবার রাত সোয়া নয়টার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকালে বাড়ির অদূরে একটি ডোবায় পোড়া অবস্থায় বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রিউশার মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, সবার অগোচরে রিউশা নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি পোড়া মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি জানা গেলেও, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে না।” এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, রিউশার মতো একটি উদীয়মান প্রাণকে হারিয়ে তারা ব্যথিত। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে, তাদের মানসিক স্বাস্থ্য ও মানসিক প্রস্তুতির দিকে আরও যত্নবান হওয়ার দাবি জানিয়েছেন|

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.