× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে পাকরুল, কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৩:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় অসময়ে যমুনা নদীর পানি হঠাৎ বেড়ে ভয়াবহ নদীভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ১০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে হিদাগাড়ী কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্পের শতাধিক ঘর, কবরস্থান এবং একটি পাকা মসজিদ—যেগুলো এখন নদী থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণত বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা দেখা দিলেও এবারের চিত্র ব্যতিক্রম। আগাম ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। নদীপাড়ের পরিবারগুলো ঘরবাড়ি খুলে অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, “আস্তে আস্তে নদী আমার ঘরের কাছে চলে এলো। তাই বাধ্য হয়ে ঘরবাড়ি ভেঙে দূরে চলে যাচ্ছি। বাপ-দাদার শত বছরের চিহ্নটুকু আর রইলো না।”

ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির জানান, “মাত্র কয়েকদিনের ব্যবধানে ১০টি ঘর নদীতে তলিয়ে গেছে। যেভাবে ভাঙন এগোচ্ছে, তাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো গ্রামই বিলীন হয়ে যেতে পারে।”

এলাকাবাসীর অভিযোগ, নদীভাঙন রোধে গত কয়েক বছরেও কোনো স্থায়ী পদক্ষেপ নেয়নি সরকার। সাময়িক প্রকল্পের মাধ্যমে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা ছিল অপর্যাপ্ত ও অকার্যকর। বরং এসব প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে।

পাকরুলের বাসিন্দারা অভিযোগ করেন, একদিকে যমুনার গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের শেষ সম্বল, অন্যদিকে দুর্নীতির দায়ে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে লোক দেখানো। ফলে প্রতিবছরই তারা নতুন করে নিঃস্ব হচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, “পাকরুল এলাকায় নদীভাঙন ঠেকাতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি প্রণয়ন করা হবে।”

তবে ভুক্তভোগীদের মতে, কেবল পরিকল্পনার আশ্বাস নয়—এখনই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন, নইলে মানচিত্র থেকে মুছে যেতে পারে তাদের প্রিয় গ্রাম পাকরুল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.