মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার পর্যটন এলাকা রাধানগরের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর সামনের একটি দোকান থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সঞ্জয় পাশী জয় এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কুলাউড়া থানায় দায়ের করা মামলায় আসামী হিসেবে নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম সঞ্জয় পাশী জয় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধায় তাঁেক আটক করা হয়েছে। তাঁেক কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলায় বলেও জানান তিনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার জানান, গ্রেফতারকৃত সঞ্জয় পাশীকে কুলাউড়ায় নিয়ে আসতে ইতিমধ্যে থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গলে গিয়েছে। তিনি জানান, সঞ্জয় পাশী বৈষম্য বিরোধী আন্দোলনের দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী।