× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুন্দরবন এলাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১৬:৫৩ পিএম

ছবি: সংগৃহিত

বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ রক্ষায় এর চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার (১২ মে) মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের আশপাশে ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area - ECA) ঘোষণার আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান।

তবে ওই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত মান উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে বলে জানানো হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, সুন্দরবনকে ঘিরে গঠিত ইসিএ এলাকায় ইতিপূর্বে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্প গড়ে তোলার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ রয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলো আরও সুরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.