জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক চোর হাতেনাতে ধরা পড়েছে। বুধবার (২০ মে) জোহরের নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন মো. শফিকের নজরে বিষয়টি আসলে, শিক্ষার্থীদের সহায়তায় চোরটিকে আটক করা হয়। পরে তাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এবং প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
ধৃত ব্যক্তির নাম শুরুতে মো. জাহাঙ্গীর বলে জানালেও, তার মোবাইলে থাকা ফেসবুক অ্যাকাউন্টে নাম পাওয়া যায় ইউনুস মিয়া। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার কদুরি গ্রামে। জানা গেছে, সে দীর্ঘদিন ধরে মসজিদ থেকে জুতা চুরি করে রাজধানীর সদরঘাট এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করত।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, “জোহরের নামাজের দ্বিতীয় রাকাত চলাকালীন একজন সন্দেহভাজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে। নামাজ শেষে অজুখানার পাশে একটি ব্যাগে ৮ জোড়া জুতা পাওয়া যায়। তখনই তাকে ধরে ফেলি।”
মুয়াজ্জিন মো. শফিক বলেন, “আমি এর আগেও সিসিটিভি ফুটেজে তাকে দেখে সন্দেহ করেছিলাম। আজ নজরদারি করছিলাম। নামাজ চলাকালে দেখি, সে বেশ কয়েক জোড়া জুতা একটি বস্তায় ভরে অজুখানার পাশে লুকিয়ে রাখে। নামাজ শেষে শিক্ষার্থীদের নিয়ে তাকে আটক করি।”
শিক্ষার্থীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় মসজিদে নিয়মিত জুতা চুরির ঘটনা ঘটছিল। কিন্তু চোর শনাক্ত না হওয়ায় ক্ষোভ দানা বাঁধছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “ধৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে প্রক্টর অফিসে রাখা হয়েছে। তার পরিবারের সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”