জেলেপাড়া মোঃ নুরু মিয়া বলেন, 'কালভার্টটি ধসে পড়ায় দক্ষিণ জেলেপাড়া, দাসিয়ার ছড়া, কুমারপাড়া, ভাটিয়াটারি, হাবিবপুর , সেনপাড়া গ্রামেরসহ এই সড়কে যাতায়াতকারী হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'এখানে আগে বাঁশের চরাটের সাঁকো ছিল। ভাঙাচোরা সাঁকো দিয়ে যাতায়াতে কষ্ট ছিল। কালভার্ট নির্মাণ কাজ শুরুর সময় আমরা অনেক খুশি হয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের যাতায়াতে ভোগান্তি আর থাকবেনা। কিন্তু কালভার্ট নির্মাণের কয়েক দিনের মাথায় তা ভেঙে গেছে।'
স্থানীয় বিউটি বেগম ও জেলাখা বেগম বলেন, 'ভাঙ্গা কালভার্টের উপর বাঁশের সাঁকো দিছে সেটাও ভেঙ্গে গেছে। কোন যানবাহন চলাচল করে না। দুই বছর ধরে আমাদের চলাচলের কি যে কষ্ট। আমাদের কষ্ট দেখার কি কেউ নাই? '
সেনপাড়া গ্রামের মন্টু চন্দ্র বলেন 'আমরা গ্রামবাসীরা এই সড়ক দিয়ে হাটবাজারে যাতায়ত করতাম। আমাদের ছেলে মেয়েরা স্কুল- কলেজে যাতায়াত করতো।
কালভার্টের এমন দশার কারণে অন্য সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরে আমাদের যাতায়াত করতে হচ্ছে। দায়সারা কাজের কারণে কালভার্ট ভেঙ্গে গেছে। আমাদের যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।'
স্থানীয়রা যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি পেতে ওই স্থানে আরেকটি মজবুত ও টেকসই সেতু বা কালভার্ট নির্মাণের দাবী জানিয়েছেন।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ' কালভার্টটি ধসে পড়ায় স্থানীয়দের যাতায়াতের ভোগান্তিতে পড়তে হয়। আমি ব্যক্তিগত উদ্যোগে ওখানে একটি বাঁশের সাঁকো করে দেই। সেটিও ভেঙ্গে গেছে। দ্রুত সময়ে আবার ওখানে বাঁশের সাঁকো করে দিব। পাশাপাশি নতুন করে সেতু বা কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, 'আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। ওই এলাকার কালভার্ট ধসে পড়া এবং স্থানীয়ের দুর্ভোগের বিষয়ে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'