× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে ভাঙা কালভার্টে যাতায়াতে ভোগান্তি

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী, (কুড়িগ্রাম) প্রতিনিধি।

২৬ মে ২০২৫, ১৭:০৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি কালভার্ট নির্মাণের কিছুদিন পরেই ভেঙে পড়ে। এরপর বিধ্বস্ত কালভার্টের উপর দেওয়া হয় বাঁশের সাঁকো। সাঁকোটিও গেছে ভেঙ্গে। ফলে যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হাজারো বাসিন্দাকে। 

স্থানীয় এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ২০২১- ২২ অর্থ বছরে কুটিচন্দ্রখানা গ্রামের আজিজ জোলের (নালা)

উপর ২ লক্ষ ১০ হাজার (প্রাক্কলিত মূল্য) টাকায় তিন দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের কালভার্ট নির্মাণ করা হয়। নির্মাণ কাজ বাস্তবায়ন করে কুড়িগ্রাম সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অপু ট্রেডার্স। নির্মাণের কিছুদিন যেতে না যেতেই কালভার্টটি ধসে পড়ে।

নির্মাণ কাজ তদারকির দায়িত্ব পালনকারী তৎকালীন এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান জানান, কালভার্টের নির্মাণ কাজে কোন গাফিলতি ছিল না। ভারী বৃষ্টি আর তীব্র স্রোতের কারণে কালভার্টের দুপাশের মাটি সরে গিয়ে এটি ধসে পড়ে।

কালভার্টটি ধসে পড়ার কেটে গেছে দুই বছর। সেই থেকে যাতায়াতের চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। এতদিনেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা।  

জেলেপাড়া মোঃ নুরু মিয়া বলেন, 'কালভার্টটি ধসে পড়ায় দক্ষিণ জেলেপাড়া, দাসিয়ার ছড়া, কুমারপাড়া, ভাটিয়াটারি, হাবিবপুর , সেনপাড়া গ্রামেরসহ এই সড়কে যাতায়াতকারী হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'এখানে আগে বাঁশের চরাটের সাঁকো ছিল। ভাঙাচোরা সাঁকো দিয়ে যাতায়াতে কষ্ট ছিল। কালভার্ট নির্মাণ কাজ শুরুর সময় আমরা অনেক খুশি হয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের যাতায়াতে ভোগান্তি আর থাকবেনা। কিন্তু কালভার্ট নির্মাণের কয়েক দিনের মাথায় তা ভেঙে গেছে।'

 স্থানীয় বিউটি বেগম ও জেলাখা বেগম বলেন, 'ভাঙ্গা কালভার্টের উপর বাঁশের সাঁকো দিছে সেটাও ভেঙ্গে গেছে। কোন যানবাহন চলাচল করে না। দুই বছর ধরে আমাদের চলাচলের কি যে কষ্ট। আমাদের কষ্ট দেখার কি কেউ নাই? '

সেনপাড়া গ্রামের মন্টু চন্দ্র বলেন 'আমরা গ্রামবাসীরা এই সড়ক দিয়ে হাটবাজারে যাতায়ত করতাম। আমাদের ছেলে মেয়েরা স্কুল- কলেজে যাতায়াত করতো।
কালভার্টের এমন দশার কারণে অন্য সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরে আমাদের যাতায়াত করতে হচ্ছে। দায়সারা কাজের কারণে কালভার্ট ভেঙ্গে গেছে। আমাদের যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।'

স্থানীয়রা যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি পেতে ওই স্থানে আরেকটি মজবুত ও টেকসই সেতু বা কালভার্ট নির্মাণের দাবী জানিয়েছেন। 

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ' কালভার্টটি ধসে পড়ায় স্থানীয়দের যাতায়াতের ভোগান্তিতে পড়তে হয়। আমি ব্যক্তিগত উদ্যোগে ওখানে একটি বাঁশের সাঁকো  করে দেই। সেটিও ভেঙ্গে গেছে। দ্রুত সময়ে আবার ওখানে বাঁশের সাঁকো করে দিব। পাশাপাশি নতুন করে সেতু বা কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, 'আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। ওই এলাকার কালভার্ট ধসে পড়া এবং স্থানীয়ের দুর্ভোগের বিষয়ে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.