× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে ধান ঘরে তোলার ধুম লেগেছে

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।

২৮ মে ২০২৫, ১৮:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে খেতের ধান ঘরে তুলতে হিমসিম খেতে হয় কৃষকদের।

একদিকে টানা বৃষ্টি অন্যদিকে খেতে পাকা ধান। অনেকে আবার ধান কেটে বাড়িতে আনলেও বৃষ্টিতে ধান মাড়াই করে ঘরে তুলতে পারেননি। ধান নিয়ে চিন্তার ভাঁজ করে কৃষকের কপালে। অবশেষে দেখা মিলেছে ঝলমলে রোদের। রোদ ওঠায় বাড়ির উঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও রাস্তায় ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষাণ- কৃষাণীরা। পাশাপাশি কৃষি শ্রমিক ও কম্বাইন হার্ভেস্টার দিয়ে জমির ধান কেটে নিচ্ছেন অনেক কৃষক। সব মিলিয়ে ধান ঘরে তোলার ধুম লেগেছে ফুলবাড়ীতে। 

চলতি বোরো মৌসুমে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামে প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয়ে উপশী জাতের ধানের আবাদ হয়েছে। একসঙ্গে খেতের ধান পাকলেও বৈরী আবহাওয়ার কারণে ধান কেটে বাড়িতে আনতে পারছিলেন কৃষকরা। খেতের পাকা ধান নিয়ে শঙ্কা দেখা দেয় কৃষকদের মনে। তবে রোদ ওঠায় বদলে গেছে পূর্ব ধনিরাম গ্রামের দৃশ্যপট। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে , স্থানীয় কৃষি বিভাগের তত্ত্বাবধানে ওখানে তিনটি কম্বাইন হার্ভেস্টার কৃষকদের জমির ধান কাটা- মাড়াই করছে। বস্তায় ভরে সেই ধান কৃষকরা বাড়িতে নিয়ে যাচ্ছেন। ধান ঘরে তুলতে পেরে এলাকা জুড়ে উৎসবের আমেজ বইছে।

ওই এলাকার কৃষক শাহজাহান আলী বলেন, '  আমার ১৬ বিঘা জমির ধান কাটার সময় হলেও বৃষ্টির কারণে ধান কেটে নিতে পারছিলাম না। খেতে ধান নিয়ে চিন্তা ছিলাম। রোদ ওঠায় আজকে জমির ধান মেশিন দিয়ে কেটে নিচ্ছি। ধান নিয়ে যে দুঃশ্চিন্তা ছিল সেটি অনেকটা কেটে গেল।'

ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষাণী হাছনা বেগম। শাহ বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে ধান শুকাতে দিয়েছেন। তিনি বলেন,' ধান কেটে বাড়িতে আনার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মাটি ভেজা থাকায় ধান শুকাতে পারছিলাম না। ঘরেই ধানে চারা গজাতে শুরু করেছে। আজকে রোদ ওঠায় বাড়ির উঠানে ও মসজিদের মাঠে ধান শুকিয়ে নিচ্ছি।' একই এলাকার কৃষক বাদশা সরকার বলেন,' রোদ ওঠায় আজকে আমরা অনেক স্বস্তিতে আছি। আজকে যে যেখানে পেরেছি ধান রোদে শুকাতে দিয়েছি। সারাদিন ধান শুকাতেই সবাই ব্যস্ত।'

শুধু পূর্ব ধনিরাম কিংবা চন্দ্রখানা গ্রামের কৃষকরাই নন। কাঙ্ক্ষিত রোদের দেখা মেলায় ফুরফুরে মেজাজে স্বপ্নের সোনলি ফসল ঘরে তুলতে কৃষকের দিনমান ব্যস্ততা উপজেলার সর্বত্র।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, উপজেলায় এবছর ১০ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরোধান আবাদ হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে খেতের ধান কাটা-মাড়াইয়ের কাজ অনেকটা থমকে যায়। রোদ উঠায় কৃষকরা আবার পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু করেছেন। এখন পর্যন্ত ৯ হাজার ৭১৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আবহাওয়া এরকম থাকলে দ্রুত সময়ের মধ্যে কৃষকরা ধান কাটা-মাড়াই শেষ করতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.