× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে হবিগঞ্জ এক্সপ্রেস-অটোরিকশা সংঘর্ষ, যুবক নিহত, বাস ভাঙচুর

মো: আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৮:১১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুইটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করেন। এতে দেড়ঘন্টা ধরে সড়কে দেখা দেয় তীব্র যানজট।
নিহত যুবক আল আমিন (২৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী আল-আমিন মারা যান। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার জিয়াউর রহমানের ছেলে আব্দুর রশিদ (২৮), মিন্নত আলী’র ছেলে হযরত আলী (২৮) ও আব্দুশ শহীদের স্ত্রী মিনা বেগম।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আহমেদ ফয়সাল জামান বলেন, সড়ক দূর্ঘটনায় আহতরা হাসপাতালে আসলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বাস আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.