ছবিঃ সংগৃহীত।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পন হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে।
গণমাধ্যম কর্মীকে হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নিতে হবে। কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও পুলিশ তা কর্ণপাত করে নি। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক, বাংলা ভিশন ও ইনকিলাব জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী ও মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।
এসময় একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট নাজমুল হোসেন, কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ তুরাগ, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
